ভারত আর রেকর্ড সবই গুঁড়িয়ে দিলেন লুইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলমেট ছুড়ে সেঞ্চুরি উদ্‌যাপন লুইসের! ছবি: এএফপি
হেলমেট ছুড়ে সেঞ্চুরি উদ্‌যাপন লুইসের! ছবি: এএফপি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর ফিফটি মোটে একটি, সেঞ্চুরি আবার ‌‘দ্বিগুণ’। ১৩ ম্যাচের ক্যারিয়ারে যেমন ছক্কা মেরেছেন ৩৭টি, বিপরীতে ২০টি চার। চার মেরে যে মজা নেই, ছক্কাতেই আসল মজা। ব্রায়ান লারার দেশের লোক হয়েও এভিন লুইস যে গুরু হিসেবে ক্রিস গেইলকে বেছে নিয়েছেন, তা সেই ছক্কার কারণেই।

কাল লুইস যা করেছেন, তাতে গুরু গেইল খুশির চেয়েও বেশি কিছু হবেন। ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে গেইল যখন ২০ বলে ১৮ করে ফিরে গেলেন, তাঁরই ওপেনিং-সঙ্গী লুইস রীতিমতো ঝড় তুলে দিলেন স্যাবাইনা পার্কে। ১৯০ রান করেও সফরের একমাত্র টি-টোয়েন্টিতে ৯ উইকেটে হারল ভারত।

শুধু বিরাট কোহলির দল নয়, ১২টি ছক্কা ও ৬টি চারে ৬২ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে লুইস গুঁড়িয়ে দিয়েছেন অনেকগুলো রেকর্ড। সেই সুবাদে ওয়েস্ট ইন্ডিজও ভারতের বিপক্ষে নিজেদের রেকর্ডটা আরও একটু শাণিয়ে নিল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরির তালিকায় ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালামের পাশে বসলেন। তিনজনেরই দুটি করে সেঞ্চুরি।

রান তাড়া করতে নেমে ১২৫ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ইনিংস। ভেঙেছেন গেইলের ১০ বছর পুরোনো ১১৭ রানের ইনিংসের রেকর্ড।

টি-টোয়েন্টির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ওপরে আছেন অ্যারন ফিঞ্চ (১৫৬) ও গ্লেন ম্যাক্সওয়েল (১৪৫*)

ভারতের বিপক্ষে সর্বোচ্চ ইনিংস, গত বছর শেন ওয়াটসন সিডনিতে করেছিলেন ১২৪।

কাল ১২টি ছক্কা মেরেছেন। এক ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড। আগের রেকর্ডটিও অবশ্য লুইসেরই ছিল। গত বছর ফ্লোরিডায় মেরেছিলেন ৯টি ছক্কা।

এ নিয়ে ভারতের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি জিতল ওয়েস্ট ইন্ডিজ। গত বছর ফ্লোরিডায়, এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সেই বিখ্যাত জয়।