ভারত-ইংল্যান্ড ফাইনাল?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত মোটামুটি ধরেই নিয়েছে, তারা চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে। নইলে কি আর বিরাট কোহলিকে প্রশ্ন করা হয়, ফাইনালে কোন দলকে চান? আর কোহলিও সেমিফাইনালের আগেই ফাইনাল নিয়ে কথা বলা শুরু করে দেন!
লন্ডনে ভারতীয় হাইকমিশন আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিল বিরাট কোহলির দল। সেখানেই বোঝা গেল, এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল জেতা নিয়ে কোনো সংশয় নেই তাদের। ভারতের সমর্থকেরাও তাদের প্রিয় দলকে এখনই ফাইনালে দেখছেন। অনুষ্ঠানে কোহলির কাছে জানতে চাওয়া হয়েছে, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেলে ভালো হবে তাদের জন্য। কোহলিও রাখঢাক না করে বলেছেন, ‘সবাই ভারত-ইংল্যান্ড ফাইনালই দেখতে চায়। দুই দলই যদি ভালো খেলে, তাহলে সবার চাওয়াটাই কিন্তু সত্য হবে।’ টাইমস অব ইন্ডিয়া।