ভারত এখন স্পিন খেলতে পারে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাথান লায়নের স্পিনে ধরাশায়ী ভারতীয় ব্যাটসম্যানরা ছবি: ক্রিকইনফো
নাথান লায়নের স্পিনে ধরাশায়ী ভারতীয় ব্যাটসম্যানরা ছবি: ক্রিকইনফো

একটা সময় ছিল যখন ভারতীয় ব্যাটসম্যানদের স্পিনার সামলানোর ব্যাপারটি প্রবাদের পর্যায়ে চলে গিয়েছিল। ভারতীয় ব্যাটসম্যানরা ঘুমিয়ে ঘুমিয়ে স্পিন খেলতে পারেন—এমন কথাও চাউর ছিল ক্রিকেট দুনিয়ায়। কিন্তু সেই সময়টা ভারতীয় ক্রিকেট অনেক আগেই পার করে এসেছে কি না, এই আলোচনা এখন চতুর্দিকে। অ্যাডিলেড টেস্টে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে নাথান লায়নের মতো এক নিরীহ-দর্শন অফব্রেক বোলারের শিকারে পরিণত হলেন, তাতে এমন কথা ওঠাটাই স্বাভাবিক যে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন বোলিং খেলার কৌশলটা ভুলে গেছেন কি না।
সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার, মোহাম্মদ আজহারউদ্দিন, সঞ্জয় মাঞ্জরেকার, শচীন টেন্ডুলকারদের কথা বাদ দিন। হালের ভারতীয় ব্যাটসম্যানদের ভালোমানের স্পিন খেলার দুর্বলতাটা কিন্তু অনেক আগে থেকেই প্রকাশিত। মন্টি পানেসার, গ্রায়েম সোয়ানদের মতো স্পিনারদের বিপক্ষে খেলতে গিয়েই আশঙ্কাটা তৈরি করেছিলেন তাঁরা। অ্যাডিলেড টেস্টে নাথান লায়ন সেই আশঙ্কাটাকেই সত্যে পরিণত করলেন কি না, সে আলোচনাও এখন উত্তুঙ্গ। যে বোলারের হাতে দুসরা নেই, স্ট্রেইটার নেই, নিখাঁত বাঁক যাঁর একমাত্র অস্ত্র, সেই বোলারের কাছেই অসহায় আত্মসমর্পণ তাঁদের! স্পিন খেলাতে দুর্দান্ত পারদর্শিতার কিংবদন্তিটা কি তাহলে অতীতের ইতিহাসই হয়ে গেল!
নাথান লায়নের বলে ব্যর্থতার মূল কারণটা খুঁজে ফিরছেন অনেক বিশ্লেষকই। একটু নরমপন্থীদের মতে, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল কেবল অস্ট্রেলিয়ার উইকেটের বাউন্স নিয়েই ভেবে এসেছে। তাদের হোমওয়ার্কে মিচেল জনসনের মতো ‘খুনে’ বোলাররা যতটা জায়গা নিয়েছিলেন, নাথান লায়নের মতো অফব্রেক ততটা ছিলেন না। অস্ট্রেলীয় পেসারদের খেলার ব্যাপারে বিভিন্ন জল্পনা-কল্পনা করতে গিয়ে দলটি বেমালুম ভুলে গিয়েছিল লায়নের কথা। অ্যাডিলেডে সেই ভুলের খেসারতই ভারতীয় দল দিয়েছে বড় করুণভাবেই।
এবার অাসা যাক কড়া সমালোচকদের কথায়। পুরো বিষয়টিকেই তাঁরা এই প্রজন্মের ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতা হিসেবেই দেখছেন। কারুকার্যহীন, সোজা-সাপ্টা বাঁকের এই স্পিনারের বল ধরন অনুযায়ী খেলতে না পারার ব্যর্থতাটাই তাঁরা মূল হিসেবে দেখছেন।