ভারত চায় ৩-০, শ্রীলঙ্কা ২-১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কী রহস্য লুকিয়ে আছে পিচে?’—পাল্লেকেলে টেস্ট শুরুর আগে কাল উইকেটের চরিত্র বুঝে নিতে চলে এলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল (ডানে) ও প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া (ডান থেকে দ্বিতীয়) l রয়টার্স
‘কী রহস্য লুকিয়ে আছে পিচে?’—পাল্লেকেলে টেস্ট শুরুর আগে কাল উইকেটের চরিত্র বুঝে নিতে চলে এলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল (ডানে) ও প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়া (ডান থেকে দ্বিতীয়) l রয়টার্স

‘কে বলছে ৩-০ হবে? ভারত খুব ভালো দল, তবে আমরা ৩-০-তে হারব না।’

কলম্বোয় দ্বিতীয় টেস্টের আগে বলেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্ডিমাল। ওই ম্যাচ হেরে সিরিজে ২-০-তে পিছিয়ে পড়েছে লঙ্কানরা। আজ থেকে শুরু পাল্লেকেলে টেস্টে হার এড়াতে না পারলে জুটবে ধবলধোলাইয়ের লজ্জা।

প্রথম দুই টেস্টে হেরে মনোবল এখন তলানিতে। চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রূপ। তার ওপর নেই মুরালি-উত্তর যুগে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের ভার নিজের কাঁধে বয়ে বেড়ানো রঙ্গনা হেরাথ। তবে চান্ডিমাল আশাবাদী আগের মতোই। পাল্লেকেলে টেস্টের আগেও লঙ্কান অধিনায়কের কণ্ঠে পুরোনো সুর, ম্যাচ জিতেই এড়াতে চান ধবলধোলাই, ‘আমরা ২-০-তে পিছিয়ে আছি। তবে আমরা এখনো খুব ভালো দল। আশা করছি, ম্যাচটা আমরা জিতব।’

নিষেধাজ্ঞার কারণে পাল্লেকেলে টেস্টে নেই ভারতের রবীন্দ্র জাদেজা। টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর বোলার ও অলরাউন্ডারের না থাকাটাই চান্ডিমালের চোখে সুযোগ, ‘আমরা জানি, এই মুহূর্তে সে (জাদেজা) বিশ্বের এক নম্বর বোলার। এটা (নিষেধাজ্ঞা) আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। দল হিসেবে আমাদেরও কিছু দেখানোর আছে।’

চোট-জর্জর শ্রীলঙ্কা শেষ টেস্টের দলে ডেকেছে দুই পেসার দুষ্মন্ত চামিরা ও লাহিরু গামাগেকে। পাল্লেকেলের আপাত পেস-বান্ধব উইকেটে চান্ডিমাল তিন পেসার নিয়ে নামেন কি না, সেটাই এখন দেখার।

ভারত জাদেজার বদলি হিসেবে কুলদীপ যাদবকে একাদশে নিচ্ছে। সরাসরি না বললেও অধিনায়ক বিরাট কোহলির কথায়ই পরিষ্কার এই চায়নাম্যান বোলার সুযোগ পাচ্ছেন। কাল সংবাদ সম্মেলনে তো কুলদীপকে অগ্রিম অভিনন্দনই জানিয়েছেন শ্রীলঙ্কায় দুটি টেস্ট সিরিজ জেতা ভারতের একমাত্র অধিনায়ক।

এই ম্যাচ জিতলেই শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো ধবলধোলাই করবে ভারত। এএফপি।