ভারত ছিল 'নরমসরম' আর 'ভদ্র' দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌরভই বদলে দিয়েছেন ভারতকে। ফাইল ছবি
সৌরভই বদলে দিয়েছেন ভারতকে। ফাইল ছবি
সৌরভ গাঙ্গুলীই ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছেন বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেন। তাঁর মতে, সৌরভ অধিনায়ক হওয়ার আগে ভারত ছিল 'নরমসরম' আর 'ভদ্র' দল।

ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজের ফাইনালে ভারতের কাছে হারের পর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলীর ঔদ্ধত্য দেখেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেন। ২০০২ সালে ৩২৫ রান করেও হেরে যাওয়ার পর এক নতুন ভারতীয় ক্রিকেট দলকেই দেখেছিলেন নাসের। সে দলটা ছিল তাঁর কাছে একেবারেই নতুন। অথচ, গোটা ক্রিকেট ক্যারিয়ারে একটা 'নরমসরম' ভারতীয় দলকেই দেখেছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।

হ্যাঁ, 'নরমসরম'। কিছুটা মুখচোরা। কিন্তু ভদ্র একটা দল। প্রতিপক্ষ গালি দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলেও সেই দল পাল্টা কিছুই বলতে পারে না। স্রোতের প্রতিকূলে গিয়ে মুক্তা সেঁচে তুলে নিয়ে আসার দল সেটি ছিল না। অনেক সময় হারের আগেই হেরে বসত তাঁরা। বড় কিছু করতে পারি, এ বিশ্বাসটাই যে ২০০০ সালের আগের ভারতীয় দলের ছিল না।
ভারতীয় ক্রিকেটের গোটা দৃশ্যপটটাই বদলে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। নাসের হুসেন অন্তত সেটিই মনে করেন। স্কাইস্পোর্টসের পডকাস্টে তিনি বলেন, 'সৌরভই ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে। সৌরভের আগের ভারতীয় দলটা ছিল খুবই নরমসরম, আর ভদ্র। সেৌরভের আমল থেকেই দলটা কলার উঁচিয়ে কথা বলা শিখেছে। '
লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি খুলে মাথার ওপর ঘোরানোর সেই দৃশ্য চমৎকৃত করেছিল নাসেরকে। ওই ব্যাপারটির নেপথ্যে যে অ্যান্ড্রু ফ্লিনটফ ছিলেন, সেটি তখন খুব ভালোই বুঝেছিলেন তিনি। ন্যাটওয়েস্ট ট্রফির আগেই ইংল্যান্ডের ভারত সফরের সময় মুম্বাইয়ের একটি ম্যাচে জেতার পর জামা খুলে ফেলেছিলেন ইংলিশ অলরাউন্ডার। সৌরভ সেটিই ফিরিয়ে দিয়েছিলেন লর্ডসে ক্রিকেটের গৃহে, 'ফ্লিনটফ সেদিন আবেগ ধরে রাখতে পারেনি। শেষ উইকেটটি নিয়ে ইংল্যান্ডকে জিতিয়েছিল সে। সৌরভ সেদিন সেটিই মনে করে নিজের জামা খুলেছিলেন।'