ভারত তাহলে যাচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়সহ ১২ জন সাবেক ক্রিকেটার চাইছেন, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলুক। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দেখভালের দায়িত্বে সুপ্রিম কোর্ট নিয়োজিত ব্যবস্থাপনা কমিটিও দল ঘোষণা করে দেওয়ার নির্দেশনা দিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে যে জার্সি পরে খেলবে ভারত, সেটিও উন্মোচন করা হয়ে গেছে গতকাল।
সব মিলিয়ে তাহলে ইঙ্গিত তো এই যে, সব সংশয় মুছে দিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছেন কোহলি-ধোনিরা!
ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে হয়তো অংশ নেবে না, কদিন ধরেই এমন সংশয় ঘুরছে বাতাসে। গত ২৫ এপ্রিল টুর্নামেন্টের জন্য দল ঘোষণার শেষ দিন হলেও ভারত এখনো দল নির্বাচনই করেনি। বিসিসিআই সেটির কারণ হিসেবে ‘পরিচালনাগত’ অসুবিধা দেখালেও, সবাই বুঝতে পারছেন কারণটা ভিন্ন। গত মাসের শেষ দিকে দুবাইয়ের সভায় ২০১৪ সালের অনুমোদিত গঠনতন্ত্রে বদল এনেছে আইসিসি, যে বদলের বিপক্ষে ছিল বিসিসিআই। এই বদলের কারণে আইসিসির নিয়ন্ত্রণে প্রভাব কমে যাচ্ছে ভারতের, বিশেষ করে অর্থের ভাগটাও তাদের কমে যাচ্ছে। সুতরাং, আইসিসিকে চাপে রাখতেই দল ঘোষণা করতে এই সময়ক্ষেপণ।
আগের কাঠামো অনুযায়ী আইসিসির রাজস্ব থেকে ৫৭ কোটি মার্কিন ডলার পাওয়ার কথা ছিল বিসিসিআইয়ের। কিন্তু নতুন কাঠামোয় প্রথমে ২৯ কোটি ৩০ লাখ ডলার বরাদ্দ পায় ভারত। পরে তাদের আপত্তির কারণে ৪০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। ভারত এতেও সন্তুষ্ট নয়।
চ্যাম্পিয়নস ট্রফিতে না খেললে সেটির চড়া মূল্যও দিতে হতে পারে ভারতকে, ২০২৩ সাল পর্যন্ত আইসিসির টুর্নামেন্টে অংশ নেওয়াটাই সংশয়াচ্ছন্ন হয়ে পড়বে। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী পরশু বিশেষ সভা ডেকেছে বিসিসিআই।
তবে সিদ্ধান্তটা ইতিবাচক যেন হয়, সেই অনুরোধই করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। টেন্ডুলকার, দ্রাবিড়ের পাশাপাশি সঞ্জয় মাঞ্জরেকার, গুন্ডাপ্পা বিশ্বনাথ, জহির খান, ভেঙ্কটেশ প্রসাদের মতো ১২ সাবেক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে ইএসপিএন-ক্রিকইনফো। সবাই একমত, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জয়ী ভারতের উচিত এবার শিরোপা রক্ষার মিশনে নামা।
একই মত ভারতের সুপ্রিম কোর্ট নিয়োজিত বিসিসিআইয়ের বর্তমান তত্ত্বাবধায়ক কমিটিরও (সিওএ)। বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরীকে কমিটি বলেছে, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশ নেওয়াকে ঘিরে খুবই নেতিবাচক পরিস্থিতি বিরাজমান। যত তাড়াতাড়ি সবকিছু মিটিয়ে ফেলা যায়, ততই ভালো।’ বিসিসিআইকে দল ঘোষণার নির্দেশও দিয়েছে কমিটি, ‘২৫ এপ্রিলের মধ্যে আইসিসির কাছে চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণার কথা থাকলেও এখনো দল নির্বাচনই হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব সভা ডেকে দল নির্বাচনের অনুরোধ জানানো হচ্ছে।’ ক্রিকইনফো, ডেকান ক্রনিকল।