ভারত দলে গৃহবিবাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গা-গরমের দুটি ম্যাচই জেতায় প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে ভারতের। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে সবাইকে দুশ্চিন্তামুক্ত করেছেন বিরাট কোহলি। তবে চ্যাম্পিয়নস ট্রফির আসল লড়াইয়ে নামার আগে ভারত দলে উঁকি দিয়েছে অন্য দুশ্চিন্তা। ‘গৃহবিবাদ’-এর আঁচ পাওয়া গেছে বর্তমান চ্যাম্পিয়নদের শিবিরে। বিবাদটা নাকি কোচ অনিল কুম্বলে আর খেলোয়াড়দের মধ্যে।

গৃহবিবাদের আঁচ টের পাওয়া গিয়েছিল কোহলিরা ইংল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার আগেই। হঠাৎ করেই কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমনিতে কুম্বলের সঙ্গে এক বছরের চুক্তি শেষ হবে আগামী ৩০ জুন। কুম্বলের এক বছরের আমলে সাফল্যের চূড়ায় উঠেছে ভারত। সাবেক এই লেগ স্পিনারের কোচিংয়ে খেলা পাঁচটি টেস্ট সিরিজের পাঁচটিতেই জিতেছে তারা। জিতেছে দুটি ওয়ানডে সিরিজ। কুম্বলের অধীনে একটি মাত্র সিরিজ হেরেছে ভারত। সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে।

তাহলে কুম্বলের সঙ্গে নতুন চুক্তি করছে না কেন বিসিসিআই? অধিনায়ক কোহলি কুম্বলের কোচিং পদ্ধতি নিয়ে অসন্তুষ্ট বলেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। কোহলি বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। কথা বলেছেন সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও। শচীন টেন্ডুলকার আর ভিভিএস লক্ষ্মণের সঙ্গে সৌরভও ভারতের কোচ নিয়োগ কমিটিতে আছেন।

ভারতের গণমাধ্যমের খবর কুম্বলে আর কোহলির মতপার্থক্যের মূলে কুলদীপ যাদব। গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রাঁচিতে কুলদীপকে খেলাতে চেয়েছিলেন কুম্বলে, কিন্তু কোহলি রাজি না হওয়ায় পারেননি। ধর্মশালার শেষ টেস্টটা কাঁধের সমস্যার কারণে কোহলি খেলতে পারেননি। কোহলিকে কিছু না জানিয়েই সেই ম্যাচে কুলদীপকে খেলান কুম্বলে। ভারতের সিনিয়র খেলোয়াড়েরাও নাকি কুম্বলের বিপক্ষে এককাট্টা। তাঁদের অভিযোগ—কুম্বলে একটু বেশিই ‘কর্তৃত্বপরায়ণ’ মনোভাবের।

ভারতের কোচ হিসেবে কুম্বলের উত্তরসূরি হিসেবে অনেকের নাম বাতাসে ভাসছে। এঁদের মধ্য রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড় আছেন। বীরেন্দর শেবাগের সঙ্গে শোনা যাচ্ছে অস্ট্রেলীয় কোচ টম মুডির নামও।