ভারত দলে বয়স চুরি করে ঢুকেছেন শামি, স্ত্রীর দাবি

হাসিন জাহান যেন কোমর বেঁধেই নেমেছেন মোহাম্মদ শামির ক্যারিয়ার শেষ করবেন বলে। দুই মাস আগে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন। স্ত্রীর গায়ে হাত তোলার অভিযোগের সঙ্গে ম্যাচ পাতানোর অভিযোগও মিশে ছিল সেদিন। সেসব অভিযোগের সুরাহা পুরোপুরি না হলেও মিটমাট হয়ে গেছে বলেই ভেবে নিয়েছেন সবাই। এর মধ্যেই নতুন অভিযোগ তুলেছেন হাসিন। ভারতীয় দলের পেসার শামি নাকি বয়স চুরি করে দলে ঢুকেছেন!
গতকাল ফেসবুকে হাসিন একটি ড্রাইভিং লাইসেন্সের ছবি দেখিয়েছেন সবাইকে। হাসিনের দাবি, এ ড্রাইভিং লাইসেন্স তাঁর স্বামীর, অর্থাৎ মোহাম্মদ শামির। সে লাইসেন্সে লেখা এই সনদের মালিকের জন্ম ১৯৮২ সালে। সে অনুয়ায়ী শামির বয়স এখন ৩৬! অথচ বর্তমান রেকর্ড অনুয়ায়ী সেটা এখন ২৮ বছর।
হাসিন আরও দাবি করেছে, ক্যারিয়ার বাঁচাতে এভাবেই বয়স চুরি করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি) এবং উত্তর প্রদেশ (ইউপি) সরকারকে বোকা বানিয়েছেন শামি।
বৃহস্পতিবার দিল্লি ডেয়ারডেভিলসের বোলিং কোচ জেমস হোপস বলেছেন, ব্যক্তিগত সমস্যার কারণেই ভালো খেলতে পারছেন না শামি। হাসিনের নতুন অভিযোগের পর তো সমস্যা আরও বাড়বে এই পেসারের।