ভারত দিয়েই শুরু যে বিখ্যাত অস্ট্রেলিয়ানদের
অ্যাশেজের মতো ঐতিহ্যবাহী এটা নয়। তবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের একটা বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে সাম্প্রতিক কালে। মাঠে দুর্দান্ত সব পারফরম্যান্সের রোমাঞ্চ তো আছেই, মাঠের বাইরেও উত্তাপ ছড়ানোতে পিছিয়ে নেই অ্যাশেজের চেয়ে। দুই দলের খেলোয়াড়দের কাছেই এই সিরিজ দুর্দান্ত সব স্মৃতির অ্যালবাম। অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা কয়েকজন ক্রিকেটারের কাছে তো এ দ্বৈরথ একটা অন্য আবেগেরও নাম। কারণ, এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার বিখ্যাত ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় চাপিয়েছিলেন তাঁরা। ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া তেমনি কয়েকজন বিখ্যাত অস্ট্রেলিয়ানের গল্প—

নীল হার্ভে
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার নিল হার্ভে প্রথম টেস্ট খেলেছিলেন স্যার ডন ব্র্যাডম্যানের নেতৃত্বে, ১৯৪৮ সালে, ব্র্যাডম্যানেরই শহর অ্যাডিলেডে। ভারতকে এই টেস্টে খুব সহজেই হারিয়েছিল অস্ট্রেলিয়া। ব্র্যাডম্যান, আর্থার মরিস, লিন্ডসে হ্যাসেট—সেঞ্চুরি করেছিলেন তিনজনই। অভিষেকে অবশ্য হার্ভে আউট হয়েছিলেন মাত্র ১৩ রানে। তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি কারণ, প্রথমে ব্যাট করে ৬৭৪ রানের পাহাড় গড়া অস্ট্রেলিয়াকে আর ব্যাটিংয়েই নামতে হয়নি। ওই টেস্টেই জোড়া সেঞ্চুরি করেছিলেন ভারতের বিজয় হাজারে।

ব্রুস রিড
হ্যাংলা-লম্বা এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারের অভিষেকও অ্যাডিলেড ওভালে। ১৯৮৫ সালে কপিল দেবের ভারতের বিপক্ষে। কপিল একাই ৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে আটকে দিয়েছিলেন ৩৮১ রানে। বল হাতে নিয়ে রিড মোটেও খারাপ করেননি, ৫৩ ওভার বল করে নিয়েছিলেন ৪ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৭ বিশ্বকাপজয়ী রিডের ক্যারিয়ার অবশ্য চোটের কারণে শেষ হয়ে গিয়েছিল মাত্র ২৭ টেস্টেই।

স্টিভ ওয়াহ
রিডের অভিষেকের সেই সিরিজেই অস্ট্রেলিয়া পেয়ে গিয়েছিল তাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ককে—স্টিভ ওয়াহ। অভিষেক ওই সিরিজেই বক্সিং ডে টেস্টে। প্রথমবার ব্যাট করতে নেমে ৩২ বলে ১৩ রান করে লক্ষণ শিব রামকৃষ্ণের লেগ স্পিনে আউট হয়েছিলেন ওয়াহ। তখন অবশ্য বোঝা যায়নি এই ওয়াহ নেতৃত্বেই এক সময় বিশ্বজয়ী দল হয়ে উঠবে অস্ট্রেলিয়া।

শেন ওয়ার্ন
ভারতীয় ক্রিকেটাররা নাকি ঘুমিয়ে ঘুমিয়েও স্পিন খেলতে পারে—এই আপ্তবাক্য জেনেই নিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলতে নেমেছিলেন শেন ওয়ার্ন। ১৯৯২ সালের একেবারে শুরুতে, নির্দিষ্ট করে বললে ‘নিউ ইয়ার টেস্টে’। সিডনি ক্রিকেট মাঠে অভিষেক হয়েছিল সর্বকালের সেরা এই লেগ স্পিনারের। রবি শাস্ত্রীর শেষ টেস্ট ছিল সেটি, তিনি করেছিলেন ডবল সেঞ্চুরি। শচীন টেন্ডুলকার সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেদিন সেঞ্চুরি করেছিলেন। ৪৫ ওভার বল করে ১৫০ রান করে মাত্র ১ উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। সেদিন কে ভেবেছিল টেস্ট ক্রিকেটে আরও ৭০৭টি উইকেট অপেক্ষা করছে ওয়ার্নের জন্য!

মাইকেল ক্লার্ক
২০০৪ সালে বেঙ্গালুরুতে টেস্টে অভিষেকেই মাইকেল ক্লার্ক খেলেছিলেন ১৫১ রানের দুর্দান্ত এক ইনিংস। কিন্তু সে ম্যাচটা তাঁর দল বাঁচাতে পারেনি। অনিল কুম্বলে, হরভজন সিং, ইরফান পাঠান, জহির খানদের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া হেরেছিল ২১৭ রানে। ভারতের বিপক্ষে অবশ্য ক্লার্ক পারফর্ম করে গেছেন নিয়মিতই, টেস্টে তাঁর ২৮ সেঞ্চুরির ৭টিই ভারতের বিপক্ষে। এর চেয়ে বেশি সেঞ্চুরি নেই অন্য কোনো দলের বিপক্ষে, সমান ৭টি সেঞ্চুরি আছে ইংল্যান্ডের বিপক্ষেও।