ভারত নয়, এবার দক্ষিণ আফ্রিকার

দক্ষিণ আফ্রিকার অনুশীলন ছিল কাল মেলবোর্নের জাংশন ওভালে। মাঠের এক কোনায় ফারহান বেহারডিনকে ‘নক’ করাচ্ছিলেন ন্যাড়া মাথার এক ভদ্রলোক। ২০ মিনিটে গুনে গুনে টানা ৮৮টি বল ছুড়লেন, নক করেই ক্লান্ত বেহারডিন বসে পড়লেন। ওই ভদ্রলোকের ক্লান্তি নেই, হাসি মুখে এগিয়ে গেলেন ডেভিড মিলারকে নক করাতে। দক্ষিণ আফ্রিকার অনুশীলনে তাঁকে দেখে অবাক অনেকেই। গ্যারি কারস্টেন!
দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্ব ছেড়েছেন বছর দেড়েক। তবে বিশ্ব শিরোপার স্বাদ পেতে মরিয়া প্রোটিয়ারা এবার চেষ্টার কোনো কমতি রাখছে না। দল তো দারুণ। রাসেল ডমিঙ্গোর সঙ্গে কোচিং স্টাফে আছেন অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপের জন্য ব্যাটিং কোচ হিসেবে আছেন মাইক হাসি। এবার পরামর্শক হিসেবে আনা হলো সাবেক কোচ কারস্টেনকে। দিল্লি ডেয়ার ডেভিলসের কোচ তিনি, ছিলেন আইপিএলের নিলামে। সেখান থেকে অস্ট্রেলিয়ায় গিয়ে সাবেক দলের সঙ্গে বর্তমান দায়িত্বে যোগ দিয়েছেন মঙ্গলবার রাতে। দক্ষিণ আফ্রিকার পরামর্শক হিসেবে কারস্টেনের প্রথম পরীক্ষা তাঁর আরেক সাবেক দলের বিপক্ষেই। খেলোয়াড়ি জীবনে না পেলেও যে দলের কোচ হয়ে পেয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। ২২ ফেব্রুয়ারি মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ভারত!
বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি এখনো কারস্টেনের, ১৯৯৬ সালে বিশ্বকাপ অভিষেকেই করেছিলেন অপরাজিত ১৮৮। বিশ্বকাপে তাঁর রেকর্ডও খারাপ নয়, ২১ ম্যাচে ৪৭.৪১ গড়ে করেছেন ৮০৬ রান। তবে তিনটি বিশ্বকাপ খেলেও ছুঁতে পারনেনি ট্রফি। পরে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচিয়েছেন ভারতের কোচ হিসেবে শিরোপা জিতে। তবে নিজ দেশের হয়ে জিততে না পারলে কি আর তৃপ্তি মেলে! এবার সেই আক্ষেপটা আর রাখতে চান না, ‘এবার ট্রফি জিততে আমি মরিয়া। খুব করে চাইছি এবার যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’
সেটার পথে এবার সামনে বাধা যখন সাবেক দল, সেই দলকে নিয়েও তো কথা বলতেই হয়! কারস্টেন কিন্তু দুই দলকে পাশাপাশিই রাখছেন, ‘দুই দলের সামর্থ্য আছে জয়ের। বিশেষ করে ব্যাটিংয়ে দুই দল প্রায় সমান্তরালে। আমাদের এবি (ডি ভিলিয়ার্স) আছে, নিঃসন্দেহে এ মুহূর্তে বিশ্বসেরা ব্যাটসম্যান। হ্যাশকে (হাশিম আমলা) নিয়ে যতই বলি, কম হয়। ভারতের ব্যাটিংয়ে বিরাট কোহলি ও এম এস ধোনি ‘এক্স’ ফ্যাক্টর। এই দুই দলেরই সামর্থ্য আছে বড় স্কোর গড়ার বা যেকোনো স্কোর তাড়া করার।’
তবে সাবেক দলের মুখোমুখি হওয়ার আগে আবেগাক্রান্ত নন কারস্টেন, ‘পেশাদার পৃথিবী, কাজ তো কাজই। গায়ে যে রঙেরই জার্সি থাকুক, উজাড় করে দিতে হয় নিজেকে...।’ এএফপি, সিডনি মর্নিং হেরাল্ড, ডেইলি টেলিগ্রাফ।