ভারত না খেললে লোকসান স্টারের?

ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলে? প্রশ্নটি পুরো ক্রিকেট বিশ্বেই ঘুরছে এখন। সাধারণ দর্শকেরা ভাবছে, বিরাট কোহলির ব্যাটিং আর রবিচন্দ্রন অশ্বিনের বোলিং দেখতে পাবেন কি না। আইসিসি চিন্তা করছে ভারতকে ছাড়া টুর্নামেন্ট জমবে কি না। আর আইসিসির চ্যাম্পিয়নস ট্রফির সম্প্রচার-স্বত্ব যাদের, সেই স্টারের ভাবনা, অর্থ উশুল হবে কি না।
স্টার এরই মধ্যে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে একটি চিঠি দিয়েছে। ভারতের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের বিষয় সম্পর্কে পরিষ্কার অবস্থাটা জানতে চেয়েছেন তাঁরা। যাতে করে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে আলোচনা চূড়ান্ত করতে পারে। ক্রিকইনফোর ধারণা, স্টার চাচ্ছে আইসিসি যেন বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেয়। স্টারের চিঠির সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আইসিসি। রিচার্ডসন এ বিষয়ে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে কথা বলেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে মনোহর বলেছিলেন, সম্প্রচার কোম্পানি স্টারের সঙ্গে তিনি কথা বলবেন।
শুধু চ্যাম্পিয়নস ট্রফি নিয়েই নয়, স্টারের দুশ্চিন্তা ২০২৩ সাল পর্যন্ত আইসিসির সব টুর্নামেন্ট নিয়েই। ২০১৪ সালে আইসিসির সম্প্রচার স্বত্ব পায় স্টার। ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির ১৮টি টুর্নামেন্ট সম্প্রচার করার কথা তাদের। কিন্তু ভারত এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ না নিলে আগামী বিশ্বকাপসহ ওই টুর্নামেন্টগুলোর একটিতেও অংশ নিতে পারবে না।
আইসিসিকে চাপে ফেলতে বেঁধে দেওয়া সময়ের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দলও দেয়নি ভারত। পরশু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আইসিসি ও বিসিসিআইয়ের ঝামেলার শুরু আইসিসির সর্বশেষ বোর্ড সভার পর। দুবাইয়ের সেই সভা বড় এক ধাক্কাই দিয়েছে ভারতীয় ক্রিকেটকে। ৫৭ কোটি মার্কিন ডলার প্রাপ্তির আশা নিয়ে যাওয়া বিসিসিআই নতুন আর্থিক কাঠামো অনুযায়ী পাচ্ছে শুধু ২৯ কোটি ৩০ লাখ ডলার। এর মধ্যে আইসিসির বেঁধে দেওয়া সময়সীমা ২৫ এপ্রিলের মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির দল দেয়নি ভারত। তখন থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, চ্যাম্পিয়নস ট্রফি হয়তো বয়কট করতে চলেছে ভারত।
বর্তমান চ্যাম্পিয়ন ভারত না থাকলে টুর্নামেন্টটি যে জৌলুশ হারাবে, সেটা সবাই মানবেন। আইসিসিও তা জানে। আবার বিসিসিআইয়ের অন্তর্বর্তী কমিটিও জানে, আইসিসির একটি ইভেন্ট বয়কট করার ফল হতে পারে দুটি ওয়ানডে বিশ্বকাপসহ আগামী ছয় বছর আইসিসির বড় বড় সব ইভেন্টের অংশ নিতে আইনগত বাধা। আইসিসি-বিসিসিআই দুই পক্ষ সমঝোতার পথ খুঁজছে। ভারতকে আরও অতিরিক্ত ১০ কোটি ডলার দিতে চেয়েছে আইসিসি। সূত্র : ক্রিকইনফো।