'ভারত-পাকিস্তান'-এ নিরুপায় আইসিসি

অ্যাশেজ ক্রিকেটের সবচেয়ে পুরোনো দ্বৈরথ হলেও জনপ্রিয়তম নয়। ক্রিকেটে ‘জিবে জল আনা’ সিরিজ বলতে বোঝায় ভারত ও পাকিস্তানের মধ্যকার সিরিজই। ইতিহাসের রোমাঞ্চকর কত ঘটনার সাক্ষী উপমহাদেশের দুই পুরোনো প্রতিদ্বন্দ্বীর এই ক্রিকেট লড়াই। কিন্তু এই বহু আকাঙ্ক্ষিত সিরিজই যে গত আট বছর ধরে অনুপস্থিত আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে। দুই দেশের দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্কই মূলত প্রতিবন্ধক হয়ে আছে এই সিরিজের সামনে।
জহির আব্বাস আইসিসির সভাপতি হওয়ার পর থেকেই এই সিরিজের ভবিষ্যৎ নিয়ে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন। তিনি তাঁর ক্রিকেটীয় ইমেজ ও আইসিসির প্রভাব খাটিয়ে এই সিরিজ মাঠে নিয়ে আসবেন—এমন প্রত্যাশায় জল ঢেলে দিয়েছেন খোদ জহিরই। তিনি সোজাসাপটাই জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে আইসিসির আসলে কিছুই করার নেই।
ভারত পাকিস্তান সিরিজে বিরতি অবশ্য নতুন কিছু নয়। ষাট ও সত্তরের দশকে রাজনৈতিক কারণে প্রায় ১৭ বছর দুই দেশের মধ্যে কোনো সিরিজ হয়নি।
নব্বইয়ের দশকেও ১০ বছর বন্ধ ছিল দুই দেশের দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক। এবারের বিরতি আট বছরের। মাঝখানে অবশ্য বরফ গলার ক্ষীণ একটা আশা দেখা দিয়েছিল। ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে মোট ৬টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল দুই দেশের বোর্ড। এর প্রথমটি হওয়ার কথা ছিল এই বছরের শেষ নাগাদ। কিন্তু এই সিরিজ রাজনৈতিক কারণেই নাকি আর হওয়ার সম্ভাবনা নেই। জহিরও যেন হার স্বীকার করে নিয়েছেন, ‘দুটি দেশ যখন ঐকমত্যে পৌঁছায় তবেই একে দ্বিপক্ষীয় বলে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে “দ্বিপক্ষীয়”র বাইরে কিছু নেই। তারা খেলতে না চাইলে এখানে আইসিসির কীইবা করার থাকতে পারে।’
জহির আব্বাস অবশ্য ভারত-পাকিস্তান সিরিজের রোমাঞ্চ ভালোই অনুভব করেন। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই এই দুই দলের সিরিজ বন্ধ। জহির বলেছেন, আট বছর ধরে এমন রোমাঞ্চ থেকে ক্রিকেটপ্রেমীদের বঞ্চিত করাটা ঠিক হচ্ছে না। পুরো বিশ্বই এই দুই দলের খেলা দেখতে চায়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ দ্বৈরথের মতোই এটি। কিন্তু দুই দেশ যদি না চায় তবে আমরা কিছুই করতে পারব না।’
ইনিংসের শেষ বলে মিয়াঁদাদের ছক্কা, দিল্লিতে কুম্বলের একারই ১০ উইকেট শিকার, মুলতানে শেবাগের ৩০০ কিংবা ক্রিকেট বিশ্বে টেন্ডুলকারের মতো বিস্ময়ের প্রথম আবির্ভাবের মতো কত ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এই দ্বিপক্ষীয় সিরিজ। ক্রিকেটের ভালোর জন্যই তাই এই সিরিজের অপেক্ষায় সবাই। কিন্তু খোদ আইসিসিপ্রধান যখন অপারগতা স্বীকার করে নেন তখন ক্রিকেটপ্রেমীদের সঙ্গী হয় একরাশ হতাশাই। সূত্র: এএফপি।