ভারত-পাকিস্তান নিয়ে কোনো উত্তেজনা নেই কোহলির

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো ধ্রুপদি কোনো কিছুর প্রতিশ্রুতি। দুই দেশের ঐতিহ্য, রাজনৈতিক টানাপোড়েন মিলিয়ে সব সময় বাড়তি উত্তেজনা থাকে। কিন্তু রাজনৈতিক বিধি-নিষেধে আইসিসির প্রতিযোগিতা ছাড়া এখন আর ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখার উপায় নেই। আগামী ৪ জুনের জন্য তাই অনেকেই আছেন দীর্ঘ অপেক্ষায়। সেদিন যে আবারও মাঠে মুখোমুখি হবে এই দুই দল।
দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আক্ষরিক অর্থেই এখন বন্ধ হয়ে গেছে। আইসিসিও তাই নিজেদের প্রতিযোগিতায় দুই দেশকে একই গ্রুপে ফেলে অন্তত একটি দ্বৈরথ দেখার সুযোগ করে দেন সমর্থকদের। যে কোনো টুর্নামেন্টের ‘বেস্ট সেলার’ যে এই ম্যাচটিই। ভারতের সংবাদমাধ্যম তো এ ম্যাচ নিয়ে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। শুধু এ ম্যাচ নিয়েই তৈরি হয়েছে আলাদা বিজ্ঞাপনও।
কিন্তু যাঁদের খেলা দেখার জন্য এত কিছু, তাঁরাই এ ম্যাচকে অতটা গুরুত্ব দিচ্ছেন না। অন্তত ভারত অধিনায়ক বিরাট কোহলির দাবি সেটাই, ‘ক্রিকেটারদের জন্য এটা শুধুই আরেকটি খেলা। এ অনুভূতি কখনোই বদলাবে না। হ্যাঁ, ভারত-পাকিস্তান ম্যাচ বলে একটু আবহ তো সৃষ্টি হবেই। কিন্তু খেলোয়াড়দের জন্য এটা আরেকটি খেলাই। দুই দলের সবাইকে জিজ্ঞেস করুন, আমাদের কাছে কোনো পার্থক্যই নেই। পাকিস্তান হোক কিংবা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, সবই সমান আমাদের কাছে। বাড়তি আগ্রহ থাকা ভালো, কিন্তু আবেগী হওয়া যাবে না।’
কোহলির সব আগ্রহ আপাতত চ্যাম্পিয়নস ট্রফি জেতায়। চ্যাম্পিয়নস ট্রফির বর্তমান চ্যাম্পিয়নদের লক্ষ্য শিরোপাটা ধরে রাখা। তবে কাজটা কঠিন, কোহলির চোখে বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন! কারণ কোহলিই বললেন, ‘এ প্রতিযোগিতা খুব দ্রুত শেষ হয়ে যায়। ফলে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা থাকে।’