ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা দেখছেন শেন ওয়ার্ন

বাবর-রিজওয়ানের নৈপূণ্যে ভারতকে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে হারিয়েছে পাকিস্তানছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। টুর্নামেন্টের ফাইনালে আবারও এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালে খেলেছিল ভারত ও পাকিস্তান। ওই বিশ্বকাপে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এবারের বিশ্বকাপে এই দুই দলের আরেকটি ক্রিকেট লড়াই দেখার অপেক্ষা করছেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন
ছবি: টুইটার

ওয়ার্ন প্রথমে ভারত–পাকিস্তান ফাইনালের সম্ভাবনার কথা বললেও বিকল্প একটি ভবিষ্যদ্বাণীও করে রেখেছেন ফাইনাল নিয়ে। ফাইনাল নিয়ে তাঁর দ্বিতীয় সেই ভবিষ্যদ্বাণী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে। সবকিছু ঠিকঠাকভাবে এগোলে ১৪ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশ সময় রাত আটটায় ফাইনালে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াও মুখোমুখি হতে পারে বলে মনে করেন ওয়ার্ন।

সুপার টুয়েলভে কাল ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পরও তাঁর দলের সেরা চারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ওয়ার্ন। এ কারণেই তো ম্যাচ শেষে তিনি টুইট করেছেন, ‘আমি মনে করি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান নিজেদের গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে। সেমিফাইনালের লাইনআপ হবে ইংল্যান্ড বনাম ভারত এবং অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান। আর ফাইনালে হয় পাকিস্তান–ভারত অথবা অস্ট্রেলিয়া–ইংল্যান্ড মুখোমুখি হবে।’

সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার বিপক্ষে জস বাটলার দারুণ খেলে জিতিয়েছেন ইংল্যান্ডকে
ছবি: রয়টার্স

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ৭ উইকেটে। কিন্তু তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেটে হেরেছে ইংল্যান্ডের কাছে। আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। আর ৬ নভেম্বর অস্ট্রেলিয়া খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুটি ম্যাচই জিতে অস্ট্রেলিয়া যে সেমিফাইনালে উঠবে, তা নিয়ে খুব বেশি মানুষের সন্দেহ থাকার কথা নয়।

টানা তিন জয়ে পাকিস্তান অবশ্য এরই মধ্যে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে। প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছে ১০ উইকেটে। এরপর নিউজিল্যান্ড ও আফগানিস্তান, দুটি ম্যাচই তারা জিতেছে ৫ উইকেটে। পাকিস্তানের পরের দুই প্রতিপক্ষ তুলনামূলক সহজ। ২ নভেম্বর পাকিস্তান খেলবে নামিবিয়ার বিপক্ষে। এরপর ৭ নভেম্বর সুপার টুয়েলভে পাকিস্তানের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর ভারত আজ রাতে খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এ ম্যাচ জিততে না পারলে সেমিফাইনালে ওঠার পথ একটু কঠিনই হয়ে যাবে বিরাট কোহলিদের জন্য। আগামী বুধবার ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে খেলার পর সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচটি ভারত খেলবে নামিবিয়ার বিপক্ষে।