ভারত-পাকিস্তান ম্যাচ ইডেনে
নাটক চলছিল বেশ কিছুদিন ধরেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান আদৌ ভারতে যাবে কি না, শুরুতে এটা নিয়ে সংশয় সৃষ্টি হলো। পরে শোনা গেল, ভারতে তারা যাবে ঠিকই, তবে ১৯ মার্চ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি ধর্মশালায় খেলতেই তাদের আপত্তি। সেই আপত্তি মেনে অবশেষে কাল আইসিসি ভারত-পাকিস্তান মহারণের ভেন্যু পরিবর্তন করল। ধর্মশালায় নয়, ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনে।
ধর্মশালায় পাকিস্তান দলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছিল। কয়েক দিন আগে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং বলে দেন, সম্প্রতি পাঞ্জাবের পাঠানকোটে হওয়া জঙ্গি হামলার দায় পাকিস্তান স্বীকার না করলে তারা পাকিস্তান দলকে ধর্মশালায় নিরাপত্তা দিতে পারবে না। ধর্মশালায় খেলা নিয়ে পাকিস্তান তখনই উদ্বেগ প্রকাশ করে। সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের একটি নিরাপত্তা প্রতিনিধিদল দিন কয়েক আগে ধর্মশালা ঘুরে গিয়ে নেতিবাচক প্রতিবেদন দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এই নাটক কাল প্রায় উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, যখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দিল, নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার প্রশ্নে তাদের শর্ত না-মানা পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে পা রাখবে না পাকিস্তান পুরুষ ও নারী দল ক্রিকেট দল। গতকালই ভারতে পা রাখার কথা ছিল পাকিস্তানের দুটি দলেরই। কিন্তু পাকিস্তান সরকারের নির্দেশে সেই যাত্রা স্থগিত করে দেওয়া হয়। এর আগেই ম্যাচটি মোহালি বা কলকাতায় সরিয়ে নেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করে পিসিবি। একই সঙ্গে এক লিখিত বার্তায় আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের কাছেও ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধ করা হয়।
অবশেষে কাল বিকেলে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও টুর্নামেন্টের পরিচালক এম ভি শ্রীধরের এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচটির ভেন্যু পরিবর্তন করে কলকাতায় নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে রিচার্ডসনও স্বীকার করেন, ‘নিরাপত্তার কারণেই ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড, সংশ্লিষ্ট রাজ্য অ্যাসোসিয়েশন ও আইসিসির মধ্যে আলাপ-আলোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
যাঁরা এরই মধ্যে ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট কিনেছিলেন তাঁরা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন অথবা কলকাতায় ম্যাচটির টিকিটের সঙ্গে বদলে নিতে পারবেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান কবে ভারতের উদ্দেশে রওনা দেবে, তা অবশ্য গত রাত পর্যন্ত নিশ্চিত হয়নি। সূত্র: আইসিসি ওয়েবসাইট, টাইমস অব ইন্ডিয়া।