ভারত-পাকিস্তান 'আগুনে'ও জল ঢালতে পারে বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডে বিশ্বকাপের ম্যাচ নিয়ে খেলছে বৃষ্টি। ছবি: এএফপি
ইংল্যান্ডে বিশ্বকাপের ম্যাচ নিয়ে খেলছে বৃষ্টি। ছবি: এএফপি
>ম্যানচেস্টারে পরশু ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এ ম্যাচেও হানা দিতে পারে বৃষ্টি। বিশ্বকাপে এখনো পর্যন্ত চারটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে

ম্যানচেস্টারে পরশু ভারত-পাকিস্তান ক্রিকেট-দ্বৈরথ। তবে বিশ্বকাপে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই কিন্তু বেশ একপেশে। বিশ্বকাপে পাকিস্তান কখনোই হারাতে পারেনি ভারতকে! তাই বলে দুই প্রতিবেশী দেশের মুখোমুখি হওয়া আগের মতো আর উত্তাপ ছড়ায় না ভাবলে ভুল হবে। দুই দলের মধ্যে বহুদিন ধরে দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায় আইসিসির টুর্নামেন্ট ছাড়া তাঁদের দ্বৈরথ দেখার সুযোগ নেই। এ কারণেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার সবাই একটু বেশিই আগ্রহী। তবে ক্রিকেটপ্রেমীদের এ আগ্রহে জল ঢেলে দিতে পারে ইংল্যান্ডের বেরসিক আকাশ, মানে বৃষ্টি।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুই দল। ব্রিটেনের সংবাদমাধ্যম জানিয়েছে, পরশু সারা দিনই আকাশ মেঘলা থাকবে। দিন গড়ানোর সঙ্গে বৃষ্টি নামার শঙ্কাও বাড়বে। তবে বিবিসির আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, পরশু ম্যানচেস্টারে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বৃষ্টির শঙ্কা আছে। এরপর দুপুর ২টা পর্যন্ত বৃষ্টি নামার সম্ভাবনা খুব কম থাকলেও ৩টা থেকে আবারও বৃষ্টির ইঙ্গিত দিয়েছে বিবিসি।

ম্যানচেস্টারে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। ‘আকুওয়েদার’-এর প্রতিবেদন অনুযায়ী তখন আকাশ মেঘলা থাকবে। এরপর থেকে বিকেল চারটা পর্যন্ত আকাশে সূর্যের মুখ খুব একটা দেখা যাবে না। দুপুরের আগেও একবার বৃষ্টি নামার শঙ্কার কথা জানিয়েছে আকুওয়েদার। তবে ইংল্যান্ডের আবহাওয়ার কোনো ঠিক-ঠিকানা নেই। এই বৃষ্টি নামছে তো কিছুক্ষণ পরই আকাশে সূর্যের হাসি দেখা যায়।

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে এবার বেশ বড় প্রভাব রাখছে বৃষ্টি। টুর্নামেন্টে শুরুর মাত্র দুই সপ্তাহের মধ্যে চারটি ম্যাচ পণ্ড হয়েছে বৃষ্টিতে। এবার ভারত-পাকিস্তানের মতো জিবে জল আনা ম্যাচও বৃষ্টিতে পণ্ড হলে তা আয়োজকদের জন্য মোটেও ভালো হবে না।