ভারত পারবে না, বলছেন ব্রেট লিও

ক্রিকেটার হওয়ার সুবাদে অনেক দেশ দেখার সৌভাগ্যই হয়েছে ব্রেট লির। তবে তাঁকে বেশি আপন করে নিয়েছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও আইপিএল খেলতে, কখনো শুভেচ্ছাদূত হিসেবে বিভিন্ন সামাজিক কাজে অংশ নিতে, কখনো বা স্রেফ ভ্রমণানন্দে-সময়-সুযোগ পেলেই লি ছুটে এসেছেন ভারতে। ভারত তাই লির কাছে অস্ট্রেলিয়ার বাইরে দ্বিতীয় দেশ।এ কারণেই ২০০৭ সালে ভারতের কিংবদন্তি আশা ভোঁসলের সঙ্গে হিন্দি গানের যৌথ অ্যালবাম বের করলেন। আশা-লির সেই যৌথ আয়োজন সাড়াও ফেলল ভারতজুড়ে। এমনকি জায়গা করে নিলেন বলিউড চার্টের শীর্ষভাগে। লির ভারতপ্রীতির এ গল্প পুরোনোই। কিন্তু নতুন খবর হচ্ছে, অস্ট্রেলীয় ফাস্ট বোলারই এবার দাঁড়িয়ে যাচ্ছেন ভারতের বিপক্ষে। কেন? সেটা স্বদেশের টানেই।২৬ মার্চ সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত সেমিফাইনালে কে জিতবে? এমন প্রশ্নে লির জবাব, ‘সত্যি বলতে কি, আমার মতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়াই জিতবে। দারুণ ভারসাম্য এসেছে দলে। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ শুরুতেই আছে, তিনে দুর্দান্ত স্টিভেন স্মিথ। চারে মাইকেল ক্লার্ক, পাঁচে শেন ওয়াটসন। এতে নিজেদের চাওয়া অনুয়ায়ী দ্রুত এগিয়ে যেতে পারবে। জশ হ্যাজেলউড ৩৫ রানে ৪ উইকেট (পাকিস্তানের বিপক্ষে) নিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে, প্যাট কামিন্সের দারুণ সুযোগ এসেছে। দলে অভিজ্ঞরা আছে, তরুণেরাও উঠে এসেছে। মনে করি, সত্যি ভারসাম্যপূর্ণ দল।’ তথ্যসূত্র: এএফপি।