ভারত বয়কটের বিপক্ষে আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান সিরিজ হবে কি না, এখনো নিশ্চিত নয়। দ্বিপাক্ষিক এই সিরিজটি নিয়ে এত জল ঘোলা হয়েছে যে, রীতিমতো বিরক্ত ওয়াসিম আকরাম। সর্বকালের অন্যতম সেরা এই বাঁহাতি পেসারের মতে, ভারত-পাকিস্তান সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভারত খুব বেশি সময় নিয়ে ফেলছে।
সাবেক পাকিস্তান অধিনায়কের আশঙ্কা, ভারত এই সিরিজ না খেললে পাকিস্তান না আবার মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে বসে! যদিও তিনি মনে করেন, এমন সিদ্ধান্তে আখেরে পাকিস্তান ক্রিকেটেরই ক্ষতি হবে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসির আয়োজন। পাকিস্তানের উচিত, যেকোনো মূল্যেই এই টুর্নামেন্টে অংশ নেওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করাটা আখেরে আমাদের ক্ষতিরই কারণ হয়ে দাঁড়াবে। এটি পাকিস্তান ক্রিকেটের ওপর বাজে প্রভাব ফেলবে।’
পরশু করাচিতে একটি অনুষ্ঠানে আকরাম আরও বলেছেন, ‘আমার মনে হচ্ছে এই সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভারত একটু বেশিই সময় নিয়ে ফেলছে।’ তিনি মনে করেন, সন্ত্রাসবাদ এমন এক সমস্যা, ক্রিকেট খেলা না-খেলায় যেটির কিছুই যায় আসে না। ক্রিকেট না খেললেই যে সন্ত্রাস দূর করা যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই।’
আকরামের দাবি, ভারত যদি পাকিস্তানের সঙ্গে না-ও খেলে, তাতে পাকিস্তান ক্রিকেটের খুব একটা ক্ষতিবৃদ্ধি হবে না। ভারতের সঙ্গে না খেলেও টিকে থাকতে পারবে পাকিস্তানের ক্রিকেট। এনডিটিভি।