ভারত ভুল না করলে ভালো খেলেও জিততে পারবে না পাকিস্তান

দুই বছর পর আবার ভারত-পাকিস্তান ম্যাচফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। কিন্তু থেমে নেই এ ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করা। কোন দল জিতবে ম্যাচ—এ আলোচনায় অংশ নেওয়া বেশির ভাগই ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার। ভারতের সাবেক ক্রিকেটারদের বেশির ভাগেরই বিশ্বাস, ম্যাচের ফল তাঁদের পক্ষে যাবে। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা নিজেদের উত্তরসূরিদের নিয়ে অতটা আত্মবিশ্বাসী হতে পারছেন না। সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদের পর রশিদ লতিফও ভারতকেই এ ম্যাচে ফেবারিট মানছেন।

এবার বিশ্বকাপে দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ
ফাইল ছবি: এএফপি

আকিব বেশ কয়েক দিন আগে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে ভারতকে নিরঙ্কুশভাবে এগিয়ে রেখেছিলেন। তাঁর কথা ছিল, পাকিস্তানের বিপক্ষে জিততে ভারতের সেরা খেলাটাও খেলতে হবে না। ভারত নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই ম্যাচ জিতবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার। এবার সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফও প্রায় একই ধরনের কথা বলেছেন। তাঁর কথা, ‘আমার মতে পাকিস্তান কতটা ভালো খেলে তা কোনো ব্যাপার নয়। ভারত যদি ভুল না করে তাহলে এ ম্যাচ জেতা পাকিস্তানের জন্য কঠিন হবে।’

পাকিস্তানে সাবেক উইকেটকিপার রশিদ লতিফ
ফাইল ছবি

পাকিস্তানের অধিনায়ক থাকার সময় অনেকবারই লতিফ ভারতের মুখোমুখি হয়েছেন। সেই সময়ে তাঁর দলের কী অবস্থা ছিল সেটা তিনি বলেছেন এভাবে, ‘আমি যখন পাকিস্তানের অধিনায়ক ছিলাম, সব সময়ই প্রতিপক্ষের ভুলের অপেক্ষা করতাম। অবশ্য আপনাকে নিজের কাজটা আগে করতে হবে। কিন্তু একই সঙ্গে প্রতিপক্ষকে দিয়ে ভুল করানোটাও গুরুত্বপূর্ণ। বিষয়টি শুধু টেকনিক বা দক্ষতার নয়, বিষয়টা কৌশলেরও।’ রশিদ এরপর বলেন, ‘আপনাকে সঠিক কৌশলে এগোতে হবে। এরপর প্রতিপক্ষকে দিয়ে ভুল করানোর চেষ্টা করতে হবে।’

আপাতত লতিফ ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রথম ভুলের অপেক্ষায় আছেন। সেই ভুলটা কোহলি একাদশ বাছাইয়ের ক্ষেত্রে করতে পারে বলে মনে করেন তিনি, ‘দেখি টস জিতলে বিরাট কী করে। আর কোন সমন্বয় নিয়ে খেলতে নামে। সে কি সূর্যকুমার যাদবকে খেলাবে, নাকি ইশান কিষানকে?’ লতিফ বলে চলেন, ‘এরপর দেখতে হবে ভারত কোন স্পিনারদের খেলায়। বরুণ চক্রবর্তী আছে, আছে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজাও। অনেক বিকল্প থাকার কারণে সঠিক সমন্বয়টা বেছে নেওয়ার ক্ষেত্রে অধিনায়ক ভুল করতেও পারে।’