ভারত ভয় পাচ্ছে, পেতে বাধ্য করছেন এ দুজন

সেদিন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের টুইটারে একটা পোস্ট করেছে। ক্রাইস্টচার্চে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের আগে হ্যাগলি ওভাল মাঠের ছবি দিয়ে তারা লিখেছে, ‘স্পট দ্য উইকেট’। ক্রাইস্টচার্চের উইকেট এতটাই সবুজ দেখাচ্ছে যে মাঠের সবুজ মাঠ থেকে সেটিকে খুব বেশি আলাদা করা যাচ্ছে না। এ ছবি দেখে ভারতীয় সমর্থকদের শিরদাঁড়া দিয়ে শীতল একটা স্রোত বয়ে যেতে পারে।
ওয়েলিংটনের প্রথম টেস্টে বিরাট কোহলির দল যেভাবে হেরেছে, তাতে উইকেট পড়তে না পারার ব্যর্থতাই বেশি ছিল। কাজেই ক্রাইস্টচার্চে সবুজ উইকেটে ভারতীয় ব্যাটসম্যানরা কতটা নিজেদের মানিয়ে নিতে পারবেন, তা নিয়ে শঙ্কা থেকেই যায়। ভারতের আরও একটা শঙ্কা নিউজিল্যান্ডের দুই ফাস্ট বোলার টিম সাউদি আর ট্রেন্ট বোল্টকে নিয়ে। ওয়েলিংটনে যে এ দুজনই ধসিয়ে দিয়েছিলেন তাদের। দুজন মিলে শিকার করেছিলেন ১৪ ভারতীয় ব্যাটসম্যানকে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ডের এ দুই ফাস্ট বোলারের সম্মিলিত পরিসংখ্যানে চোখ বোলালে কিন্তু ভারতীয়দের শঙ্কাটা আতঙ্কেই রূপ নিতে পারে...
দুজন মিলে ‘৪৪৭’
এ পর্যন্ত নিউজিল্যান্ডের ৫৪টি টেস্টে ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি একসঙ্গে খেলেছেন। দুজন মিলে মোট শিকার ৪৪৭টি উইকেট। সাউদি পেয়েছেন ২২০, বোল্ট ২২৭ উইকেট। দুজনের গড়ও দুর্দান্ত। বোল্টের ২৬.৭৩, সাউদির ২৭.৫১। পাঁচ উইকেট প্রাপ্তিতে অবশ্য সাউদির চেয়ে একটু এগিয়ে বোল্ট। বোল্ট ৫ উইকেট পেয়েছেন ৮ বার, সাউদি ৭ বার।
বোল্ট-সাউদি না খেললে টেস্ট জেতে না নিউজিল্যান্ড
এই দুই কিউই পেসারের কেউই খেলেননি, এমন টেস্টর সংখ্যা ৫টি। মজার ব্যাপার হচ্ছে, এই পাঁচ টেস্টের একটিতেও জেতেনি নিউজিল্যান্ড। হার ৩ টেস্টে, অমীমাংসিতভাবে শেষ হয়েছে ২ টেস্ট।
নতুন বলে ভয়ংকর
বল যখন চকচকে থাকে, সেই নতুন অবস্থায় উইকেট শিকারের সাফল্যে টেস্ট ইতিহাসে তৃতীয় স্থানে আছেন ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি জুটি। নতুন বলে দুজনের সম্মিলিত উইকেট সংখ্যা ৪২৬। এর মধ্যে বোল্টের ২১৪, সাউদির ২১২। এ তালিকায় শীর্ষে ৭১৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসন জুটি। ৪৭৬ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের ‘টু ডব্লু’ ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস।
জুটি বেঁধে শিকার
ওয়েলিংটনে টেস্টে ভারতের বিপক্ষে ২০৬ রানে ১৪ উইকেট নিয়েছিলেন ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি। এ দুজন জুটি বেঁধে ১৪ বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন ৬ বার। ১৫ উইকেট পেয়েছেন তিনবার—২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটনে, ২০১২ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে আর ২০১৭ সালে ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে। ১৪ উইকেট আরও একবার পেয়েছিলেন ২০১৮ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে।