ভারত মরিয়া, মরিয়া বাংলাদেশও

ভারতীয় দল তখনো অনুশীলনে আসেনি। অনুশীলন চলছে বাংলাদেশ দলের। বাংলাদেশের অনুশীলন দেখতে আসা কজন ভারতীয় খুদে দর্শক ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ বলে গলা ফাটাচ্ছে। খুদে দর্শকদের খেপিয়ে তুলতে ‘টাইগার’ শোয়েব পাশ থেকে টিপ্পনি কাটছেন, ‘কাল তোমাদের চোখের জল মুছতে টিস্যু আনতে হবে মাঠে, বাংলাদেশ কিন্তু ২-০ করে সিরিজ জিতে যাবে!’
ভারতীয় দর্শকদের জোর আপত্তি আছে এ কথায়। তারা এমন চিৎকার শুরু করলেন, কান ফেটে যাওয়ার জোগাড় শোয়েবের। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা পুরো ভারত উন্মুখ হয়ে আছে সিরিজে ফিরতে। ভারত মরিয়া হয়ে থাকলে বাংলাদেশ? অধিনায়ক মাহমুদউল্লাহ বলছেন, ম্যাচটা জিততে তারাও মরিয়া, ‘ওরা হয়তো মরিয়া হয়ে আছে (সিরিজে ফিরতে)। আমরাও মরিয়া হয়ে আছি। এটা অনেক বড় একটি সুযোগ আমাদের জন্য। যেহেতু আমরা প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সফরে এসেছি। সিরিজ জিততে পারলে এটা আমাদের জন্য অনেক বড় একটি অর্জন হয়ে থাকবে।’
দুই দলের এক লক্ষ্য হলেও ম্যাচ নিয়ে দুই দলের ভাবনা-কৌশল ভিন্ন। দুই অধিনায়কের ভাবনা-কৌশল শোনা যাক তাঁদের কাছ থেকেই—
রোহিত শর্মা: আমি কৌশল নিয়ে বলতে পারব না। তবে এটা বলতে পারি, আমাদের অ্যাপ্রোচটা এবার ভিন্ন হবে। দিল্লিতে খেলেছিলাম পিচের চরিত্র বুঝে। পিচ যেমন আচরণ করছিল সে অনুযায়ী খেলেছিলাম। তবে এখানকার (রাজকোট) পিচ অনেক ভালো। এ কারণে ব্যাটিং-বোলিংয়ে আমাদের ভাবনা হবে ভিন্ন।
মাহমুদউল্লাহ: আঁচ করতে পারছি, তারা ভালোভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় টি-টোয়েন্টিতে আপনি যদি উইকেট থেকে সহায়তা নিতে পারেন এবং সে অনুযায়ী ফিল্ডিং সাজাতে পারেন তাহলে সুযোগ থাকবে ভালো করার। টি-টোয়েন্টিতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ। আমরাও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আমাদের অ্যাপ্রোচ বাংলাদেশকে জেতানো।
যেহেতু ১-০ ব্যবধানে এগিয়ে থেকে রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, স্বাভাবিকভাবেই এটি আত্মবিশ্বাসের বাড়তি রসদ হিসেবে কাজ করছে মাহমুদউল্লাহদের। কিন্তু দিল্লিতে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর পড়ে থাকার যে সুযোগ নেই। মাহমুদউল্লাহ বলছেন, তাঁরা তৈরি রাজকোটে এই চ্যালেঞ্জটাও নিতে, ‘যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, এটা আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। আমরা এটা নিয়ে বসে নেই। কালকের ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবাই পরিশ্রম করছে, সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। সবাই চেষ্টা করছি যেন কাঙ্ক্ষিত ফল যেন আমরা পেতে পারি।’
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আজ দুই দল যখন অনুশীলন করেছে, তখন ঝলমলে রোদ্দুর। কিন্তু বিকেলে একটু আগেভাগে সূর্য চলে গেছে আড়ালে। আয়োজকেরা বলছেন, গুজরাট উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টা অনেক দুর্বল হয়ে গেছে, বৃষ্টি নিয়েই তাঁদের যা ভাবনা। বৃষ্টির উপদ্রব সব সময় নাও থাকতে পারে। আবহাওয়ার এ চিন্তাটুকু বাদ দিলে রোমাঞ্চকর এক ম্যাচের অপেক্ষায় আছে সবাই। দুই দলই যে জিততে মরিয়া।