ভারত লড়াইয়ে ফিরবে, বিশ্বাস করেন না শেবাগ

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট হেরেই যেন পায়ের তলায় মাটি সরে গেছে বিরাট কোহলিদের। অথচ সিরিজের দুটি টেস্ট এখনো বাকি। তার আগেই ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ সাফ জানিয়ে দিলেন, এই সিরিজে ভারতের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ৩০ শতাংশ!
‘ইন্ডিয়া টিভি’কে বুধবার এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘সিরিজটা খুবই কঠিন হয়ে গেল। অবস্থাদৃষ্টে যা মনে হচ্ছে, এখান থেকে ফিরে আসার সম্ভাবনা ৩০ শতাংশ। একই সঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্টের দেখা উচিত সেঞ্চুরিয়ন টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানো যায় কি না।’
তাঁর মতে, ছয়জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও চারজন বোলার নিয়ে খেলা উচিত কোহলিদের। সে ক্ষেত্রে অতিরিক্ত ব্যাটসম্যানের নামও বাতলে দিয়েছেন শেবাগ, ‘অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে অজিঙ্কা রাহানেকে খেলাতে পারে ভারত। চার বিশেষজ্ঞ বোলারও খেলানো যায়। ভারত যদি জিততে চায়, তবে কোহলি আর রোহিতকে বড় ভূমিকা রাখতে হবে।’
খেলোয়াড়ি জীবনে প্রতিপক্ষ হিসেবে প্রোটিয়াদের বেশ পছন্দ করতেন শেবাগ। ব্লুমফন্টেইনে টেস্ট অভিষেকেই পোলক, এনটিনি, ক্যালিসদের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ‘নজফগড়ের নবাব’ নামে খ্যাত বিস্ফোরক এই ব্যাটসম্যান। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই করেছেন সবচেয়ে বেশি—৫ সেঞ্চুরি। গড় ৫০.২৩, যা তাঁর ক্যারিয়ার গড়ের চেয়েও বেশি!
প্রোটিয়াদের বিপক্ষে নিজের অভিজ্ঞতার ঝুলি তাই অনুজদের জন্য খুলে দিতেও দ্বিধা করেননি শেবাগ, ‘অফ স্টাম্পের বাইরের বল নিয়ে নাড়াচাড়া করতে যেয়ো না। স্ট্রেট ড্রাইভ আর ফ্লিকের ওপর জোর দাও। শর্ট বল আসবেই, ব্যাটে না খেলে শরীরে আঘাত নাও, ওটাই নিরাপদ।’
দক্ষিণ আফ্রিকার উইকেটে প্রত্যাশার চেয়ে বল বেশি বাউন্স করে। অনেকটাই ‘টেনিস বল বাউন্স’—যে কারণে বোল্ড হওয়ার আশঙ্কা কম বলেও রায় দিয়েছেন শেবাগ। তাঁর মতে, রানরেট তিনের আশপাশে রাখা জরুরি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৩ জানুয়ারি সেঞ্চুরিয়নে। শেবাগের পরামর্শে কোহলিরা কতটা বদলে যান, সেটাই দেখার বিষয়।