ভারত শেষ ১৫৩ রানেই

স্টিভেন ফিন নায়ক নাকি জেমস অ্যান্ডারসন! ব্রিজবেনে কার্লটন-মিড ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে এই দুই ইংলিশ বোলারের হাতেই নাকাল ভারতীয় ব্যাটিং। এই দুজন মাত্র ৫১ রানেই নয়টি উইকেট ভাগাভাগি করে নিয়ে ভারতের ইনিংসের যবনিকা টেনে দিয়েছেন মাত্র ১৫৩ রানেই।
এখনো নিষ্পত্তি হলো না ভারতীয় ইনিংসের নায়ক কোন ইংলিশ বোলার? ফিন নিয়েছেন পাঁচ উইকেট আর অ্যান্ডারসন চার। রান খরচের কথা বিবেচনায় নিলে অবশ্য অ্যান্ডারসন এগিয়ে থাকছেন ফিনের চেয়ে। অ্যান্ডারসন খরচ করেছেন ১৮ আর ফিন ৩৩, সে হিসাবে তো এগিয়ে থাকছেন অ্যান্ডারসনই। কিন্তু পাঁচ উইকেট পাওয়া বলে কথা। হিসাব-নিকাশ যা-ই হোক গ্যাবায় আজ নায়ক দুজনই। দুজন মিলেমিশে আজ বোলিংটাকে এতটাই উপভোগ করলেন যে সেই উপভোগের আঁচে পুড়ে কয়লা ভারতীয় ব্যাটিং। উত্তুঙ্গ ফর্মে থাকা রোহিত শর্মাকে ছাড়াই কিছুটা নিরীক্ষাধর্মী দল নিয়ে মাঠে নামার খেসারতটা ভারতকে দিতেই হলো।রোহিতের বদলে খেলতে নামা আম্বাতি রাইডু অবশ্য নিজের অন্তর্ভুক্তির যথার্থতা প্রমাণে চেষ্টা চালিয়েছিলেন। ২৩ রান ব্যক্তিগত খাতায় তুললেও স্টিভেন ফিনের মোকাবিলাটা তাঁর জন্য একটু কঠিন হয়েই দেখা দিয়েছে। পরীক্ষা-নিরীক্ষার অন্যতম সারথি স্টুয়ার্ট বিনি অবশ্য জ্বলে উঠেছিলেন। লেট অর্ডারে চাপের মুখে দাঁড়িয়ে তাঁর ৪৪ রানই মূলত ভয়াবহ লজ্জার হাত থেকে বাঁচিয়েছে ভারতকে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও লড়েছিলেন, লড়েছেন অজিঙ্কা রাহানেও। কিন্তু বাদবাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ব্রিসবেনে মাথা নিচু করেই সাজঘরে ফিরতে হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের। নায়ক হওয়ার দৌড়ে ভারতীয় ব্যাটসম্যানরা যেহেতু যোজন ব্যবধানে পিছিয়ে, সেহেতু নায়ক হওয়ার জম্পেশ লড়াইটা সীমাবদ্ধ হয়ে পড়েছিল দুই ইংলিশ বোলারের মধ্যেই।
শুরুটা একেবারেই যাচ্ছেতাই ছিল ভারতের। দলীয় এক রানেই অ্যান্ডারসনের বলে শিখর ধাওয়ান ক্যাচ দেন জোশ বাটলারকে। রাহানে অবশ্য দ্বিতীয় উইকেটে রাইডুকে নিয়ে চেষ্টা চালিয়েছিলেন ইনিংস মেরামতের, কিন্তু ফিনের বলে টেলরের হাতে ধরা পড়ে তাঁর প্রচেষ্টার অপমৃত্যুই ঘটে। এরপর রাইডুও ফিনের বলে উইকেটর পেছনে ক্যাচ দেন বাটলারকে। বিরাট কোহলি আর সুরেশ রায়নাও পরপর ফিরে গেলে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ধোনির দল। ধোনি অবশ্য এরপর স্টুয়ার্ট বিনিকে সঙ্গে নিয়ে বিপর্যয় প্রায় সামাল দিয়েই ফেলেছিলেন, কিন্তু তিনি নিজে ফিন-বাটলার যুগলবন্দীর শিকার হয়ে গেলে ভারতের ঘুরে দাঁড়ানোর সুযোগটা নষ্ট হয়ে যায়। ধোনি আউট হয়ে যাওয়ার পর ভারতীয় টেল এন্ডাররা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেননি। তাঁদের মধ্যে তখন রীতিমতো প্রতিযোগিতা। পাঁচ উইকেটের কৃতিত্বটা কাকে দেওয়া যায়, অ্যান্ডারসন না ফিনকে। ৩৯.৩ ওভারে অলআউট হয়ে যাওয়ায় মধ্যাহ্নবিরতিরও দরকার পড়েনি। প্রায় সঙ্গে সঙ্গেই প্যাড-ট্যাড পরে মাঠে নেমে যেতে হয় ইংলিশ ব্যাটসম্যানদের। ইংলিশ ব্যাটসম্যানদের কাছে অবশ্য এখন পর্যন্ত ব্রিসবেনের উইকেটকে খুব একটা কঠিন মনে হচ্ছে না। এই প্রতিবেদন লেখার সময় নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়টা বেশ ভালোভাবেই দেখছে ইংলিশরা। এক উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ইতিমধ্যেই উঠে গেছে ৬৭ রান। মঈন আলী ফিরে গেছেন স্টুয়ার্ট বিনির বলে কোহলির ক্যাচে পরিণত হয়ে। সূত্র: এএফপি