ভারত সফরে আসবে তো?

নারায়ণস্বামী শ্রীনিবাসন প্রতিহিংসাপরায়ণ মূর্তি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে বেশ ভালোমতোই দেখেছেন আইসিসির সভাপতি থেকে সদ্যই পদত্যাগ করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভারত-বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করে আইসিসির সভাপতি হয়েও মেলবোর্নের ফাইনালে ট্রফি প্রদানের অধিকার হারান তিনি। এখন এই শ্রীনিবাসনের প্রতিহিংসার আগুনে বাংলাদেশের ক্রিকেট কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কি না, এ নিয়ে শঙ্কাটা এখন যথেষ্ট চাউরই। অনেকেই আশঙ্কা করছেন, আগামী জুনে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর যেন না হয়, এ ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টাই চালাবেন আইসিসির এই মহাক্ষমতাধর ভারতীয় চেয়ারম্যান।
শঙ্কার ব্যাপারটা তুলেছে কলকাতার আনন্দবাজার পত্রিকাই। ভারতের এই শীর্ষ বাংলা পত্রিকাটি লিখেছে, শ্রীনিবাসনকে আক্রমণ করে আইসিসির সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর প্রশ্ন উঠে গেছে আগামী জুনে আদৌ ভারত বাংলাদেশ সফরে যাবে কি না। পত্রিকাটি ‘শ্রীনি-কামাল’ ঘটনা প্রবাহে বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক সংকটে পড়ে যাওয়ার আশঙ্কাও করেছে।
‘ওয়াকিবহাল মহলে’র বরাত দিয়ে আনন্দবাজার লিখেছে, যেহেতু শ্রীনিবাসন ভারতীয় ক্রিকেট বোর্ডের মনোনীত ব্যক্তি। আর তিনি আইসিসির সর্বময় ক্ষমতাধর চেয়ারম্যান, তাই আগামী জুনে ভারতের বাংলাদেশ সফরটি যেন না হয়, সে ব্যাপারে শ্রীনিবাসন সব চেষ্টাই করবেন। ব্যাপারটা নাকি অনেকটা তাঁর নিজের ‘অপমানের প্রতিশোধ’ নেওয়াই।
এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়া অবশ্য আনন্দবাজারকে কিছু বলতে চাননি। তবে বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলেছেন, আগামী দিন সাতেকের মধ্যেই এই বিষয়টি নিয়ে বোর্ড সভায় আলোচনার সম্ভাবনা আছে।
মুস্তফা কামাল অবশ্য বলেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। লড়াইটা শ্রীনিবাসনের বিরুদ্ধে। ভারতীয় বোর্ডের বিরুদ্ধে নয়। সে কারণে ভারতের আসন্ন বাংলাদেশ সফর বাতিল হওয়ার কোনো কারণ তিনি দেখেন না। তিনি এও বলেছেন, শ্রীনিবাসনের প্রতিহিংসায় শেষ পর্যন্ত যদি সফরটা বাতিলই হয়ে যায়, তাহলে বাংলাদেশ সরকারের সহায়তায় বিসিবি এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে।