ভারত সফরে থাকছেন না নারাইন

সুনীল নারাইনকে মনে করা হচ্ছিল ভারত সফরে ক্যারিবীয় দলের তুরুপের তাস। কিন্তু বোলিং অ্যাকশন নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে তাঁকে দেশে রেখেই ভারত সফরে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লুআইসিবি) এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। আপাতত, নারাইনকে এই অভিযোগ কাটিয়ে ওঠার সময় ও সুযোগ দেওয়া হবে। নিজের বোলিং অ্যাকশনের ব্যাপারে পরীক্ষা দিতে নারাইনের অচিরেই চেন্নাই যাওয়ার কথা।
ওয়েস্ট ইন্ডিজের প্রথান নির্বাচক ও সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েড ভারতে সফরে নারাইনকে দলে নিতে না পারায় নিজের হতাশার কথা গোপন রাখেননি, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা আমাদের সেরা বোলারটিকে দেশে রেখে ভারতে যাচ্ছি।’
চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় যেভাবে নারাইনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁর কিছুটা সমালোচনাই করেছেন সাবেক এই ক্যারিবীয় গ্রেট, ‘নারাইনের বিরুদ্ধে অভিযোগ আনার সময় সঠিক নিয়মকানুন মানা হয়নি বলেই অভিমত আমাদের।’ তিনি পুরো ব্যাপারটিকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ভারত সফরের প্রস্তুতিতে বিঘ্ন ঘটানোর পাঁয়তারা হিসেবে মনে করেন, ‘আমি মনে করি অভিযোগ যদি আনতেই হয়, সেটা আর পরিশীলিতভাবে করা উচিত ছিল।’
অচিরেই নারাইনের বদলি খেলোয়াড়ের নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন লয়েড। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।