ভারত সফরে বাংলাদেশের শঙ্কা বায়ুদূষণও

দুই বছর আগের কথা। দিল্লির ফিরোজ শাহ কোটলায় চলছে ভারত-শ্রীলঙ্কার টেস্ট। কিন্তু খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই লঙ্কান খেলোয়াড়েরা মুখ ঢাকলেন ‘মাস্কে’। দিল্লির বায়ুদূষণ নাকি সেদিন অসহনীয় হয়ে উঠেছিল শ্রীলঙ্কান ক্রিকেটারদের কাছে। পুরো ব্যাপারটি অসম্ভব বিব্রতকর অবস্থায় ঠেলে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আগামী ৩ নভেম্বর এই দিল্লিতেই টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারত সফর শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দিল্লির বায়ুদূষণ তৈরি করছে শঙ্কা।
দীপাবলি উৎসবের সময়ই দিল্লির বায়ুদূষণের মাত্রা তীব্রতর হয়। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ইতিমধ্যেই দিল্লির বাতাসকে ‘খুব খারাপ’ হিসেবে চিহ্নিত করেছে। একিউআইয়ের মানদণ্ড অনুযায়ী, দিল্লির বাতাসে দূষণের মাত্রা ৩০১-৪০০, যা শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। সে কারণেই বাংলাদেশের বিপক্ষে ৩ নভেম্বরের ম্যাচটির ভেন্যু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্তা আশ্বস্ত করেছেন, দিল্লির বায়ুদূষণ ক্রিকেটারদের ওপর কোনো প্রভাব রাখবে না, ‘দীপাবলির এক সপ্তাহ পরে এই ম্যাচ। তাই ধরে নেওয়া যেতে পারে এই ম্যাচে খেলোয়াড়দের ওপর বায়ুদূষণ কোনো প্রভাব তৈরি করবে না। আমরা জানি দীপাবলি উৎসবের পর দিল্লির বায়ুদূষণের মাত্রা এমনিতেই বেড়ে যায়। তবে এটাও ঠিক, দীপাবলি–সংক্রান্ত কোনো কিছুই আমাদের হাতে নেই।’
২০১৭ সালের ডিসেম্বর মাসেই সেই তিক্ত অভিজ্ঞতায় বিব্রতকর অবস্থায় পড়তে বাধ্য হয়েছিল বিসিসিআই। সে ম্যাচের কথা মাথায় রেখে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচটি দিল্লিতে না করে অন্য কোনো শহরে আয়োজন করা যেত কি না? এমন প্রশ্নেরও জবাব দিতে হয়েছে বিসিসিআইয়ের সে কর্তাকে। উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশ দল উত্তরে দিল্লি দিয়ে সফর শুরু করবে আর পূর্বের কলকাতায় টেস্ট খেলে দেশে ফিরে যাবে। সফরের সূচি সেভাবেই করা হয়েছে। বাংলাদেশ উত্তর থেকে শুরু করে পশ্চিমে যাবে (নাগপুর, রাজকোট, ইন্দোর) এরপর যাবে পূর্বে (কলকাতা)। মনে হয় না বায়ুদূষণ কোনো সমস্যা তৈরি করবে। বাংলাদেশ সফরের সময় পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা যেন জমির আগাছা না পোড়ান, সে ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে এই রাজ্যের সরকারকে।’