ভারত সফরে যোগ হচ্ছে ওয়ানডেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফর পিছিয়ে গেলেও সেই বার্তাটা এসেছে একটা সুখবর নিয়েই। এক টেস্টের সফরে এখন যোগ হচ্ছে ওয়ানডে ম্যাচও।
ফিকশ্চার ও ভেন্যু চূড়ান্ত না হলেও বাংলাদেশ দলের ভারত সফরের সম্ভাব্য সময় ছিল আগামী আগস্ট মাসে। কিন্তু জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের চার টেস্টের সিরিজ চূড়ান্ত হওয়ায় বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনায় আগস্টের পরিবর্তে চলে আসে সেপ্টেম্বর। সঙ্গে ওয়ানডে যোগ করার সম্ভাব্যতাও। সেই আলোচনা এর মধ্যেই ইতিবাচক দিকে এগিয়েছে বলে খবর। বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা কাল জানালেন, ‘সফরটি আর এক টেস্টের থাকছে না, এটা নিশ্চিত। টেস্টের সঙ্গে ওয়ানডে ম্যাচও যোগ হবে।’
কয়টি ওয়ানডে ম্যাচ হবে বা ম্যাচগুলো শুধু ভারতের সঙ্গেই নাকি ত্রিদেশীয় সিরিজে যোগ হবে অন্য কোনো দলও, সেটি এখনো ঠিক হয়নি। ‘এখন এসব নিয়েই বিসিসিআই কাজ করছে। আমরা বলেছি ওয়ানডে ম্যাচ যোগ করতে। এখন তারাই ঠিক করবে এটি দ্বিপাক্ষিক সিরিজ হবে নাকি আর কোনো দল খেলবে’—বলেছেন ওই কর্মকর্তা। এর আগে দুবাইয়ের আইসিসি সভা থেকে ফিরে গত সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ভারত সফরের সূচি ও ভেন্যু আগামী ৮-১০ দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।
বাংলাদেশের ‘পাওনা’ আরেকটি সিরিজ নিয়েও অগ্রগতি আছে। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী বছর বাংলাদেশে আসতে পারে অস্ট্রেলিয়া দল। সিরিজটি হওয়ার কথা ছিল গত অক্টোবরে। কিন্তু অস্ট্রেলিয়া দল বাংলাদেশের উদ্দেশে উড়াল দেওয়ার মাত্র ৪৮ ঘণ্টা আগে নিরাপত্তার অজুহাতে সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কাল সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে বলেছেন, ‘এ নিয়ে বিসিবির সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। আমরা এ সফরের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে অবশ্যই এটা নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির ওপর।’ একই কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও, ‘এই সিরিজের ব্যাপারে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা চাই, যে করেই হোক অস্ট্রেলিয়া দল ২০১৭ সালের মধ্যে টেস্ট দুটি খেলে যাক।’
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ: ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। কাল ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে, ত্রিদেশীয় সিরিজের অন্য দলটি নিউজিল্যান্ড। আগামী বছর মে মাসে ডাবল লিগ পদ্ধতিতে হবে এই সিরিজ। পরের মাসে আয়ারল্যান্ডের প্রতিবেশী ইংল্যান্ডে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। তথ্যসূত্র: আইসিসি।