ভারত সফরের অস্ট্রেলিয়া দলের এই স্পিনারটি কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকেট নেওয়ার ক্ষমতাই অস্ট্রেলিয়া দলে এনেছে সোয়েপসনকে। ছবি: নিউজ ডটকম
উইকেট নেওয়ার ক্ষমতাই অস্ট্রেলিয়া দলে এনেছে সোয়েপসনকে। ছবি: নিউজ ডটকম

কুইন্সল্যান্ডের লেগ স্পিনার মিচেল সোয়েপসন। প্রথম শ্রেণির ক্রিকেটেই অভিষেক হয়েছে এক বছরের একটু বেশি হলো। ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন মাত্র ১৪টি। তার তাতেই ডাক পেলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলে। ভারত সফরে ডাক পেয়েই রীতিমতো আলোচনায় এই স্পিনার। আগ্রহ জন্মানোই স্বাভাবিক—কে এই স্পিনার।
সোয়েপসনসহ ভারত সফরে অস্ট্রেলিয়া দলে বিশেষজ্ঞ স্পিনারের সংখ্যা—৪। নাথান লায়ন, অ্যাশটন অ্যাগার ও স্টিভ ও’কিফ, সঙ্গে সোয়েপসনের নামটা যোগ করে দেওয়াটা একটা চমকই। মাত্র দুই মৌসুম ঘরোয়া ক্রিকেট খেলা এই স্পিনারের রেকর্ডও যে আহামরি নয়। ৪১টি ফাস্ট ক্লাস উইকেট পেয়েছেন ৩২.৮২ গড়ে। ৫ উইকেট একবারও নেই। তবে ইনিংসে ৪ উইকেট আছে দুবার। ফলে আগেও সেভাবে আলোচনায় আসেনি।
এমন একটা বোলারকে দলে নেওয়ার পর অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমে অনেকগুলো প্রতিবেদনই ছাপা হয়েছে, যার শিরোনাম প্রায় অভিন্ন—কে এই সোয়েপসন?
ভারত সফরে ঘূর্ণি উইকেটের চ্যালেঞ্জটা মাথায় রেখেই সোয়েপসন-চমক অস্ট্রেলীয় নির্বাচকদের। সোয়েপসন ভালো কিছু উপহার দিতে পারবেন কি না, সেটি সময়ই বলে দেবে। আপাতত তাঁকে নিয়ে আশা তো করাই যায়। খোদ শেন ওয়ার্ন যখন ‘ও অনেকটা আমার মতো’ বলে রায় দিচ্ছেন। ওয়ার্নেরও অভিষেক ভারতের বিপক্ষে, সেটি অবশ্য দেশের মাটিতে। যদিও সেই অভিষেকে ১৫০ রান দিয়েছিলেন এই কিংবদন্তি।
আসলে ফার্স্ট ক্লাস ম্যাচের রেকর্ড নয়, সোয়েপসনকে অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিয়ে এল বিগব্যাশ! এবারের বিগব্যাশে ধারাবাহিকভাবে উইকেট পেয়েছেন সোয়েপসন। ৬ ম্যাচে তাঁর উইকেট ছিল ৯টি। যৌথভাবে ছিলেন সর্বোচ্চ উইকেট পাওয়াদের দলে দ্বিতীয়স্থানে। প্রায় প্রতি ম্যাচেই তাঁর উইকেট নেওয়াটাকে বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচকেরা। টেস্টে ‘উইকেটশিকারি বোলার’ যে খুবই জরুরি।

অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী প্রধান নির্বাচক ট্রেভর হনস সোয়েপসনকে নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত, ‘সোয়েপসনের উইকেট নেওয়ার ক্ষমতা দারুণ। ওর বলে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার ব্যাপারটি আছে। টেস্ট ক্রিকেটে জিততে হলে উইকেট নিতে হবে। আমরা মনে করি ভারতে সোয়েপসনের এ ব্যাপারে কার্যকর ভূমিকা থাকবে।’
সাম্প্রতিককালে অ্যাডাম জামপা অস্ট্রেলীয় দলে লেগ স্পিনারের ভূমিকাটা পালন করছিলেন। কিন্তু ভারত সফরের দলে নেই জামপা। একই ভূমিকায় জামপাকে টপকে দলে সুযোগ করে নিয়েছেন সোয়েপসন। জামপার চেয়ে ‘বেশি আক্রমণাত্মক’ হওয়ার কারণেই সোয়েপসন বিবেচিত হয়েছেন ভারত সফরে, ‘আমরা মনে করি জামপা কিছুটা রক্ষণাত্মক লেগ স্পিনার। সোয়েপসন অনেক বেশি আক্রমণাত্মক। আমরা একজন রক্ষণাত্মক লেগ স্পিনার না নিয়ে আক্রমণাত্মক কাউকে ভারত সফরে নিয়ে যাওয়াই যুক্তিযুক্ত মনে করেছি।’
কিছুদিন আগেই প্রশংসা পেয়েছেন কিংবদন্তি শেন ওয়ার্নের। ওয়ার্ন কেবল প্রশংসা করেই থেমে যাননি, তাঁকে অস্ট্রেলীয় টেস্ট স্কোয়াডে নেওয়ার পরামর্শও দিয়েছিলেন নির্বাচকদের। বলেছিলেন, ‘ওকে দলে নিয়ে দেখা যেতে পারে।’
ভারত সফরে সোয়েপসনকে দলে নিয়ে নির্বাচকেরা ওয়ার্নের কথাই রেখেছেন। নতুন এক ওয়ার্নের​ খোঁজে যে আজও হন্যে হয়ে আছে অস্ট্রেলিয়া! সূত্র: নিউজ ডটকমডটএইউ।