ভারত সফরের খরচ ইংল্যান্ডের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একভাবে দেখলে ব্যাপারটা নিমন্ত্রণ করে এনে নিমন্ত্রিতের হাতে খাবারের বিল ধরিয়ে দেওয়ার মতো। কিন্তু এমনই সমস্যায় পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এটিই এখন তাদের কাছে মনে হচ্ছে একমাত্র পথ। পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারতে যাওয়া ইংল্যান্ড দলকে নিজেদের খরচ বহন করতে অনুরোধ করেছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডটি।
ঝামেলাটা হয়েছে লোধা কমিটির সুপারিশের পর। সুপ্রিম কোর্ট নিয়োজিত এই কমিটি ভারতীয় বোর্ডে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে কিছু সংশোধনের নির্দেশ দিয়েছিল। সংশোধনীগুলো বাস্তবায়ন করার আগ পর্যন্ত বিসিসিআইয়ের সব তহবিল বন্ধ করে রেখেছেন ভারতের সুপ্রিম কোর্ট। উপায় না পেয়ে বিসিসিআইয়ের সচিব অজয় শিরকে ইসিবিকে চিঠি লিখে জানিয়েছেন, সফরকারী ইংল্যান্ড দলের খরচ বহন করা আপাতত ভারতীয় বোর্ডের পক্ষে সম্ভব হচ্ছে না।
রীতি অনুযায়ী অতিথি দলের আবাসিক, ভ্রমণসহ সব খরচ স্বাগতিক বোর্ডেরই বহন করার কথা। কিন্তু এখন সেটি সম্ভব হচ্ছে না দেখে শিরকে চিঠিতে লিখেছেন, ‘কিছু কিছু ব্যাপার যেমন হোটেল, ভ্রমণ ও আরও কিছু, ভারতে পা রাখার পরই সেগুলো আপনাদের দেওয়া হচ্ছে। কিন্তু যতক্ষণ না কোনো সমঝোতা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিসিসিআই এসব খরচ আর বহন করতে পারছে না। তাই এসব খরচ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি। লোধা কমিটির পরবর্তী নির্দেশনা পাওয়ামাত্রই বিসিসিআই আপনাদের জানাবে।’
ভারতীয় কিছু সংবাদমাধ্যম দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলছিল, ইংল্যান্ড এমন অবস্থায় সিরিজ বাতিল করে চলে যেতে পারে। তবে স্কাই স্পোর্টস ইংল্যান্ড দলের সূত্র অনুযায়ী বলছে, কুকরা তেমন কিছু ভাবছেন না। সূত্র: স্কাই স্পোর্টস।