ভারত সবার জন্যই নিরাপদ, পাকিস্তানকে অনুরাগের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়। ফাইল ছবি
পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়। ফাইল ছবি

আবারও ভারত-পাকিস্তান রেষারেষি ক্রিকেটকে জড়িয়ে। এবারের মঞ্চ—টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা নিয়ে আশঙ্কা ব্যক্ত করে ভারতের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো রাখার আহ্বান জানিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত বলছে, খেলতে হলে তাদের দেশেই খেলতে হবে! 

এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি, তবে আগামী ৮ মার্চ থেকে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে অনেক ‘যদি, কিন্তু’ জুড়ে দিয়েছে পাকিস্তান। নিরাপত্তার শঙ্কা, দেশের নীতি-নির্ধারকদের অনুমতি—সব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না পেলে ভারতের বাইরে কোথাও তাদের ম্যাচগুলো রাখার অনুরোধ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের এই অনুরোধে সাড়া দিতে রাজি নয় ভারত।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব অনুরাগ ঠাকুর গতকাল দিল্লিতে এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। ভারতে ‘কেউই অনিরাপদ নয়’ জানিয়ে ঠাকুর বলেছেন, ‘বিসিসিআই সবচেয়ে ভালোভাবেই বিশ্বকাপ আয়োজন করবে। সবগুলো দলেরই সর্বোচ্চ নিরাপত্তা দেবে। এর আগেও আমরা বিশ্বকাপ ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছি। আমার মনে হয় না কোনো দলেরই এখানে নিরাপত্তার শঙ্কা আছে।’
ঘটনাপ্রবাহ দেখে ‘দেজা ভ্যু’ মনে হতে পারে। গত ডিসেম্বরে ভারতও একইভাবে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে পাকিস্তানে পূর্বনির্ধারিত সিরিজ খেলতে যায়নি। অনেক বৈঠক, দেন-দরবারের পরও সিরিজটাই আর আলোর মুখ দেখেনি। এমনকি নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাতেও খেলতে যেতে রাজি হয়নি ভারত। তবে এবার মঞ্চ ভিন্ন। এবং এখানে অংশগ্রহণ করা না-করার সিদ্ধান্ত পুরোপুরিই পাকিস্তানের ওপর ছেড়ে দিয়েছেন বিসিসিআই সচিব, ‘দ্বিপাক্ষিক সিরিজ বিশ্বকাপের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এখানে বিশ্বের অনেকগুলো দেশই আসবে, খেলবে। পাকিস্তান এখানে ১৬ দেশের একটি। ভারত সরকার প্রতিটি দলকে পূর্ণ নিরাপত্তা দেবে। আমার মনে হয়, নির্বাচিত সবগুলো দেশেরই এখানে আসা ও খেলা উচিত। যদি কোনো দেশের নিজেদের ইস্যু থাকে, তাহলে তাদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে (খেলবে কি খেলবে না)।’
দুই দিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, যদি পাকিস্তান সরকার অনুমতি না দেয়, তাহলে পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাইবে। এমনকি কদিন আগে শেষ হওয়া আইসিসির সভায়ও এই বিষয়ে কথা হয়েছিল বলে জানিয়েছেন শাহরিয়ার খান।
তবে বিষয়টি শুধুই নিরাপত্তা নিয়ে শঙ্কা, নাকি ভারতকে ডিসেম্বরে সিরিজ খেলতে না যাওয়ার ‘জবাব’ দেওয়া এ নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ যা-ই হোক, পাকিস্তান না এলে সেটি ক্রিকেটেরই ক্ষতি। ২০০৯ সালের চ্যাম্পিয়নদের যে তাহলে পাবে না এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।