ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রড, লর্ডসে সংশয়ে অ্যান্ডারসনও
মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তাকে কারণ দেখিয়ে বেন স্টোকস অনির্দিষ্টকালের বিরতি নিয়েছেন। চোটের কারণে এ বছর আর খেলতে পারবেন না জফরা আর্চার। ক্রিস ওকস চোট থেকে এখনো সেরে ওঠেননি। এর মধ্যেই আরেকটি দুঃসংবাদ পেল ইংল্যান্ড।
পায়ের মাংসপেশির চোটে ভারতের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার স্টুয়ার্ট ব্রড। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে আরেক অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে পাওয়া যাবে কি না, সে সংশয়ও আছে।
ব্রডের বদলি হিসেবে ইংল্যান্ড ডেকে পাঠিয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ল্যাঙ্কাশায়ার পেসার সাকিব মাহমুদকে।
মঙ্গলবার লর্ডসে অনুশীলনের সময় পা পিছলে পড়ে গিয়েছিলেন ব্রড। এরপরই অনুশীলন ছেড়ে যান তিনি। বুধবার লন্ডনে এমআরআই স্ক্যানের পর নিশ্চিত হয়েছে ব্রডের চোটের তীব্রতা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ভারতের বিপক্ষে বাকি চার টেস্টে ব্রডকে পাচ্ছে না তারা।
এদিকে বুধবার সকালে অনুশীলন করেননি অ্যান্ডারসন। পিঠে ব্যথা অনুভব করছেন তিনি। অবশ্য সতর্কতা হিসেবেই অনুশীলনে আসেননি বলে জানা গেছে। অ্যান্ডারসন সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট, অনিল কুম্বলেকে (৬১৯ উইকেট) টপকে উঠে এসেছেন টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ৩ নম্বরে।
অন্যদিকে ট্রেন্ট ব্রিজে প্রথম ইনিংসে ২০ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন ব্রড। অবশ্য দ্বিতীয় ইনিংসে ছন্দ ফিরে পেয়েছিলেন, বৃষ্টিতে খেলা ভেসে যাওয়ার আগে নিয়েছিলেন প্রথম ইনিংসে ভারতের সর্বোচ্চ স্কোরার লোকেশ রাহুলের উইকেট।
শেষ পর্যন্ত অ্যান্ডারসন ও ব্রড না খেললে সেটি হবে ২০০৭ সালের পর এ দুজনকে ছাড়া ইংল্যান্ডের ঘরের মাঠে প্রথম টেস্ট। এ দুই পেসারের অনুপস্থিতিতে ইংল্যান্ডের পেস বোলিং আক্রমণ ভুগবে অভিজ্ঞতার সংকটে।
স্টোকসের অনুপস্থিতিতে অলরাউন্ডার হিসেবে স্যাম কারেন খেলছেন ভারতের বিপক্ষে সিরিজে। কারেন ছাড়া পেস বোলার হিসেবে ইংল্যান্ড স্কোয়াডে আছেন প্রথম টেস্টে পাঁচ উইকেট নেওয়া ওলি রবিনসন ও এখন পর্যন্ত ৪ টেস্ট খেলা ক্রেইগ ওভারটন। সাকিবের তো অভিষেকই হয়নি এখনো।
ট্রেন্ট ব্রিজে স্বীকৃত স্পিনার ছাড়াই খেলা ইংল্যান্ড অবশ্য আগেই ডেকে পাঠিয়েছে মইন আলীকে। ২০১৯ সালের পর দেশের মাটিতে টেস্ট খেলেননি মইন।
দ্বিতীয় টেস্ট শুরুর আগে ইংল্যান্ডের মতো চোটের আঘাতে ভুগছে ভারত দলেও। হ্যামস্ট্রিংয়ের চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন শার্দুল ঠাকুর। তাঁর অনুপস্থিতিতে রবিচন্দ্রন অশ্বিন বা একজন পেসারকে খেলাতে পারে ভারত। প্রথম টেস্টে শার্দুলের সঙ্গে খেলেছিলেন যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা।
লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। ট্রেন্ট ব্রিজে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টের শেষ দিনের পুরোটাই ভেসে যাওয়ার পর সেই টেস্ট ড্র হয়েছিল।