ভারত সিরিজ না হলে 'ফতুর' পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান ম​রিয়া ভারত-সিরিজ আয়োজনে। ছবি: সংগৃহীত
পাকিস্তান ম​রিয়া ভারত-সিরিজ আয়োজনে। ছবি: সংগৃহীত

রুটি-রুজিতে হাত পড়লে কার-ই বা ভালো লাগে! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হয়েছে সেই দশা। অর্থনৈতিক দিক দিয়ে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সিরিজ লাভজনক হলেও ব্যাপারটা নিয়ে পিসিবির অতিরিক্ত আকুতি প্রশ্ন তুলে দিয়েছিল সবার মনে। এত দিনে জানা গেল পাকিস্তান কেন এই সিরিজ নিয়ে এত ব্যাকুল। ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলতে না পারলে যে টান পড়ে যাবে পিসিবির কোষাগারে!
হ্যাঁ, ভারতের বিপক্ষে সিরিজটা না হলে অর্থনৈতিক কাটছাঁটের দিকে যেতে হবে পাকিস্তানকে। সে ক্ষেত্রে শান-শওকত বজায় রাখা তো কষ্টসাধ্য হবেই, কর্মী ছাঁটাইও শুরু হয়ে যেতে পারে পাকিস্তানের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থায়। মোটকথা এই সিরিজ বাতিল হলে আর্থিক টানাটানির মধ্যে পড়ে যেতে হবে পিসিবিকে।
ছয় বছরের বেশি সময় ধরে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নেই। পাকিস্তানের সবচেয়ে ‘ধনী’ এই ক্রীড়া সংস্থায় কোষাগারও তাই খালি হচ্ছে দিনের পর দিন। বিগত বছরগুলোতে পাকিস্তান কেবল আইসিসি আয়োজিত প্রতিযোগিতাগুলোর লভ্যাংশের অংশ দিয়েই ক্রিকেট চালিয়েছে। এই অবস্থায় ভারতের বিপক্ষে আমিরাতের মাটিতে প্রস্তাবিত সিরিজটি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অর্থনৈতিক স্থিতি এনে দিতে পারত। জানা গেছে, কেবল ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে আগামী পাঁচ বছরে নাকি ৫০০ কোটি রুপি আয়ের পরিকল্পনা করেছিল পিসিবি। এখন ভারত সিরিজটি নিয়ে নেতিবাচক অবস্থানে চলে যাওয়ায় ‘পেটে লাথি’ খাওয়ারই জোগাড় হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
এখন রাজনৈতিক কারণে ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। পিসিবি সভাপতি শাহরিয়ার খান সোজাসাপটাই জানিয়েই দিয়েছেন, সিরিজটি না হলে চাকরিচ্যুত হতে হবে অনেককেই। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, ‘ভারতের বিপক্ষে সিরিজটি না হলে আর্থিক সমস্যায় পড়ে যেতে হবে আমাদের। সে ক্ষেত্রে বোর্ডের লোকবল কমানো ছাড়া আর কোনো উপায় থাকবে না আমাদের।’
বর্তমানে পিসিবিতে কাজ করেন মোট ৯০০ কর্মী। পাকিস্তানের স্থানীয় ক্রিকেটেই বোর্ডের বার্ষিক ব্যয় ৬০-৭০ কোটি রুপি। কর্মীদের বেতন-ভাতায় ব্যয় সংকোচনের জন্যই কর্মী সংখ্যা  ২০০ কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন পিসিবির সভাপতি।
আগামী পাঁচ বছরে চারটি বৈশ্বিক প্রতিযোগিতা থেকে প্রায় ৮ কোটি ডলার আয়ের কথা পাকিস্তানের। কিন্তু বোর্ডের নৈমিত্তিক খরচও দিন দিন বেড়েই চলেছে। কিছুদিন আগেই ২৮ জন ক্রিকেটারকে নতুনভাবে চুক্তির আওতায় এনেছে বোর্ড। ভারতের সঙ্গে সিরিজ না হলে বোর্ডকে এক প্রকার ‘ফতুর’ই হয়ে যেতে হবে। তখন লোকবল কমিয়েই হোক কিংবা যেভাবেই হোক, খরচ কমাতেই হবে বোর্ডকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আতঙ্কিত করছে এই ব্যাপারটিই। ক্রিকেট রোমাঞ্চের চেয়ে ভারত সিরিজে মুখ্য এই বিষয়টিই! তাই তো এই সিরিজ নিয়ে তারা এত মরিয়া! সূত্র: পিটিআই।