ভারত সিরিজ নিয়ে 'বিরক্ত' আফ্রিদি

ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ভালোই বিপাকে পড়েছে পাকিস্তান। ভারতীয় কর্তৃপক্ষের নানা অজুহাতে রীতিমতো ক্লান্ত-শ্রান্ত তারা। কিন্তু ভারতের সঙ্গে সিরিজটির আশা পাকিস্তান এখনো ত্যাগ করতে পারেনি, কেবল এর অর্থনৈতিক ভবিষ্যতের কথা মাথায় রেখে। পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই ভারতীয় টালবাহানায় বিরক্ত হয়ে এই সিরিজ বাতিল করে দেওয়ার কথা বললেও শেষ চেষ্টাটা কিন্তু ধরে রেখেছেই। ব্যাপারটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘গুড কপ-ব্যাড কপ’ কৌশলের মতোই। পাকিস্তান ক্রিকেট বোর্ড একদিক থেকে সিরিজ আয়োজনের তাগাদা দিচ্ছে, অন্যদিক থেকে বলছে সিরিজ না হলেও তাদের চলবে! সিরিজ নিয়ে দড়ি টানাটানিতে এবার যুক্ত হলেন শহীদ আফ্রিদিও। তাঁর কথা মতে, সিরিজের জন্য ভারতীয় বোর্ডের পেছনে ঘোরাঘুরি বাদ দেওয়া উচিত পিসিবির।
আসছে ডিসেম্বরে আট বছর পরে আবারও মাঠে গড়ানোর কথা ছিল ভারত-পাকিস্তান সিরিজের। গত বছর দুই বোর্ডের মধ্যে এ নিয়ে এক চুক্তিও হয়েছিল। কিন্তু কিছুদিন আগে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর জানিয়ে দেন রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সিরিজ আয়োজন অসম্ভব। তারপর থেকেই পিসিবির পক্ষ থেকে তাগাদা দেওয়া হচ্ছে সিরিজটি নিয়ে। একের পর এক সাবেক তারকাও নিজেদের মতামত জানিয়েছেন এ নিয়ে। কিন্তু আফ্রিদি ব্যাপারটা নিয়ে আর কথা না বলার পক্ষেই, ‘আমি বুঝতে পারছি না, আমরা কেন এখনো ভারতের পেছন পেছন ঘুরছি! আমরা তো ইতিমধ্যে তাদের (ভারতীয় দল) আমন্ত্রণ জানিয়েছি। তারপরও যদি তারা খেলতে না চায় তাহলে আমাদের কিছু করার নেই। বিশ্বে ওদের চেয়েও বড় বড় দল রয়েছে। তাদের সঙ্গে খেলতে পারলেই আমরা খুশি।’
পিসিবিকে ভারতের পিছে ঘুরতে মানা করলেও নিজে কিন্তু এই সিরিজ খেলতে যথেষ্ট আগ্রহী আফ্রিদি। তাঁর ভাষায় দুই দেশের মানুষ এই সিরিজ দেখতে চায়। এ জন্যই এই সিরিজ মাঠে গড়ানোর পক্ষে এই অলরাউন্ডার ‘দুই দেশের মানুষ ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট মাঠের এই প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়। কারণ এই সিরিজটা অ্যাশেজের চেয়েও বড়!’
আফ্রিদি কিংবা পাকিস্তান ভারতের বিপক্ষে সিরিজ খেলতে যতই আগ্রহী হন না কেন, এ নিয়ে ভারতীয় বোর্ডের মনোভাব একেবারেই নিরাসক্ত। পুরো বিষয়টিই ভারতীয় বোর্ড ঠেলেছে সরকারের কোর্টে। ভারতের বিজেপি সরকারও যে আপাতত এই সিরিজ নিয়ে আগ্রহী নয়, সেটারও আভাস মিলেছে আকারে-ইঙ্গিতেই। যত দিন যাচ্ছে ভারতের বিপক্ষে ক্রিকেট সিরিজের প্রসঙ্গটি পাকিস্তানি ক্রিকেট সংশ্লিষ্টদের একপক্ষীয় চিৎকারেই পরিণত হচ্ছে। সূত্র: এএফপি।