ভারত সিরিজের প্রাথমিক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সিরিজের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা সবাই আছেন। সঙ্গে যোগ হয়েছেন চোট কাটিয়ে ফেরা ওপেনার এনামুল হক ও পেসার শফিউল ইসলাম। তাঁদের রেখে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট এবং ওয়ানডে সিরিজের জন্য কাল ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি।
২৩ জনের দল মানে জাতীয় দল ও এর আশপাশের সবারই থাকা। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে চোট পাওয়া পেসার শাহাদাত হোসেন স্বাভাবিকভাবেই নেই প্রাথমিক দলে। তবে আছেন তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে খেললেও এখনো ওয়ানডে বা টেস্ট খেলা হয়নি তাঁর।
এক টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে ভারতীয় দল ঢাকায় আসবে আগামী ৭ জুন। বাংলাদেশ দলের ব্যাটে-বলে অনুশীলন শুরু হয়ে যাবে ২৯ মে থেকেই। তার আগে ২০ ও ২১ মে হবে ফিটনেস ট্রেনিং। এর মাঝখানে ঢাকা ও চট্টগ্রামে বিসিএলের শেষ পর্বের ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।
আনুষ্ঠানিকভাবে অনুশীলন ২০ মে শুরু হলেও অনানুষ্ঠানিকভাবে সেটা আসলে শুরু হয়ে যাচ্ছে আজ সকালেই। মিরপুরের জিমনেসিয়ামে ফিটনেসেরই কিছু কাজ করবেন ক্রিকেটাররা।
পাকিস্তান সিরিজের পর হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের সব বিদেশি সদস্যই চলে গেছেন ছুটিতে। অনুশীলন শুরুর আগেই ঢাকায় এসে পড়ার কথা তাঁদের। আগামী ১০ জুন ফতুল্লায় একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। এর পর ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
২৩ জনের প্রাথমিক দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন কুমার দাস, নাসির হোসেন, এনামুল হক, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম ও রনি তালুকদার।