ভারতকে অভয় দিচ্ছেন টেন্ডুলকার
১৩ বছর পর ভারতের মাটিতে জয় পেয়ে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস এখন তুঙ্গস্পর্শী। টানা ১৯ টেস্ট জয়ের পর পুনেতে ৩৩৩ রানে হেরে অনেকটাই হতভম্ব ভারত। দুই ইনিংসে দৃষ্টিকটু আউট হয়ে সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি। তবে সব পেছনে ফেলে কোহলি আর তাঁর দল ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া বেঙ্গালুরু টেস্টের আগে এই বলেই সবাইকে অভয় দিয়েছেন ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান।
বিশ্বের অন্যতম সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপ নিয়েও পুনে টেস্টে দুই ইনিংসে ভারত অলআউট হয়েছে ১০৫ ও ১০৭ রানে। উড়তে থাকা কোহলিরা হঠাৎ করেই মাটিতে নেমে এসেছেন! সিরিজের বাকি তিন টেস্টেও নিশ্চয়ই ভারতের কঠিন পরীক্ষা নেবে অস্ট্রেলিয়া। তবে টেন্ডুলকারের বিশ্বাস কোহলিরা ঘুরে দাঁড়াবেন ঠিক সময়েই, ‘আমাদের জন্য কঠিন টেস্ট ছিল এটা। তবে এসব খেলারই অংশ...। ভারতীয় দলের স্পিরিট আমার জানা আছে। দেখবেন তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াবে। ভালো সময়, কঠিন সময় দুটিই আসে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুরে দাঁড়ানো আর লড়াই করা। খেলাধুলার মজাটাই এখানে।’
পুনেতে নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছেন কোহলিরা। স্পিনিং উইকেটের সুবিধা অশ্বিন-জাদেজার চেয়ে বেশি কাজে লাগিয়েছেন ও’কিফ-লায়নরা। পুনের শিক্ষা নিয়ে বেঙ্গালুরুতে ভারত একই উইকেট বানাবে কি না সেটা নিয়েই হচ্ছে আলোচনা। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক বলছেন ভারত যে উইকেটই বানাক, তাঁরা প্রস্তুত, ‘বেঙ্গালুরুতে যদি খুব একটা স্পিনসহায়ক উইকেট না হয় তাহলে আমাদের নিখুঁতভাবে রিভার্স সুইং করতে হবে। বেঙ্গালুরুতে সিরিজ ২-০ করার দারুণ সুযোগ আমাদের সামনে। মনে হচ্ছে বেঙ্গালুরুতে ভালো উইকেট পেতে পাব।’ সূত্র: এএফপি।