ভারতকে আদালতে নিচ্ছে পাকিস্তান?

‘পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবির’ শেষ দৃশ্যের অপেক্ষায় সবাই। তবে দৃশ্যটি মিলনাত্মক না কি বিয়োগান্তক হবে সেটি পর্দা নামার আগমুহূর্তেও জানা যাচ্ছে না। দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান দ্বন্দ্বের শেষ হতে চলেছে। প্রায় চার মাস ধরে চলা চরম নাটকীয় এই লড়াইয়ের যবনিকা টানতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খুব শিগগিরই সিরিজের ব্যাপারে সিদ্ধান্ত না জানালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
খেলার জন্য মামলা! ব্যাপারটা শুনতে যত হাস্যকরই হোক না কেন, সে পথেই যাচ্ছে পিসিবি। দুদিন আগেই শোনা গিয়েছিল শ্রীলঙ্কায় সংক্ষিপ্ত করে হলেও সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দুই ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর নতুন করে আবারও পাকিস্তানের নিরাপত্তা ও সীমান্ত রক্ষা নিয়ে প্রশ্ন তোলায় সিরিজ নিয়ে শঙ্কাটা আবারও জেগেছে। পিসিবি প্রধান শাহরিয়ার খান এখন বিষয়টি নিয়ে খুবই বিরক্ত, ‘আমি সিরিজের ব্যাপারে চিঠি পাঠিয়েছি ২৮ আগস্ট, আমি এখনো উত্তরের অপেক্ষায় আছি! বিসিসিআইয়ের উচিত সিরিজ খেলবে কি না সেটি জানিয়ে দেওয়া। কারণ, তারা যদি সরকারের অনুমতি জোগাড় করতে না পারে ও সিরিজ না খেলে তবে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারব। সেটি হলো শর্ত ভাঙার অভিযোগে বিসিসিআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’
দ্বিপাক্ষিক এই সিরিজ নিয়ে জল কম ঘোলা করা হয়নি। পাকিস্তানের অতি আগ্রহ এবং ভারতের ততোধিক নিরুৎসাহিতা মিলিয়ে নাটকটা জমে উঠেছিল বেশ। কূটনৈতিক পর্যায়ে আলোচনাও শুরু হয় এই সিরিজ নিয়ে। ২৬ নভেম্বর সিরিজের ছাড়পত্র দিয়ে পাকিস্তান সরকার নিজেদের সদিচ্ছার কথা জানালেও, ভারত সরকারের কাছ থেকে অনুমতি মেলেনি এখনো। বিসিসিআই সচিব এই অননুমতিকে কাজে লাগিয়ে সিরিজ আয়োজনের বাধ্যবাধকতা থেকে বারবার পিছিয়েছেন। অবশেষে ডিসেম্বরের শেষ সপ্তাহে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টির সংক্ষিপ্ত সিরিজ আয়োজনের আভাস মিলেছিল। কিন্তু এখনো ভারতীয় সরকারের কাছ থেকে ইতিবাচক উত্তর পাওয়া যায়নি। তাই সিরিজ নিয়ে ধোঁয়াশাটা আরও গাঢ় হচ্ছে।
পিসিবি প্রধান তাই সিরিজের আশা ছেড়েই দিয়েছেন। ভারতীয় বোর্ডকে কেবল আদালতে নিয়েই ক্ষান্ত হবেন না বলেই জানিয়েছেন। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোও সেই ক্ষোভের শিকার হওয়ার সম্ভাবনা আছে, ‘আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌছাইনি। কিন্তু ভারত যদি সিরিজ আয়োজন না করে তবে আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্টগুলোতেও ভারতের বিপক্ষে ম্যাচ বাতিলের ব্যাপারটি আমরা মাথায় রাখব!’
নাহ, ‘পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবির’ শেষটা বিয়োগান্তক দেখার প্রস্তুতিই নিতে হবে বলে মনে হচ্ছে। সূত্র: জি নিউজ