ভারতকে আবারও ব্যাট করানো যাবে তো!

মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা আরেকটি বড় জুটি গড়েছেন।
আরেকটি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।
এই দুটিই প্রায় রুটিন ব্যাপারে পরিণত। এতে বিস্ময়ের কিছু নেই।
দিন শেষে ভারতের বড় স্কোর ওই দুটিরই স্বাভাবিক পরিণতি। এতেই বা তাহলে বিস্ময়ের কী আছে!
হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে বিস্ময় যদি কিছু থেকে থাকে, প্রশ্নাতীতভাবে তা মুশফিকুর রহিমের নেওয়া ওই রিভিউ। যে রিভিউ নেওয়ার পর স্টেডিয়ামের বড় পর্দায় রিপ্লে দেখে সবাই হতবাক। বিরাট কোহলির ব্যাটের ঠিক মাঝখানে লেগেছে বল! উইকেটকিপার-অধিনায়কের দৃষ্টি যদি বাধাগ্রস্ত হয়েও থাকে, বোলার বা ক্লোজ ইন ফিল্ডারের তো তা পরিষ্কার দেখার কথা। কী আশ্চর্য! কী আশ্চর্য!
একই রকম আশ্চর্যের ব্যাপার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রেসবক্সের দুরবস্থা। এয়ার কন্ডিশনার ঠিকমতো কাজ করছে না, এটা না হয় মেনে নেওয়া গেল। প্রেসবক্সে গিজগিজে ভিড়। এয়ার কন্ডিশনার হয়তো কুলিয়ে উঠতে পারছে না। কিন্তু টেলিভিশন কেন চলবে না? কেন থাকবে না ইন্টারনেট? এই দুটি ছাড়া আধুনিক কালে ক্রিকেট রিপোর্টিং করতে বলা আর শাবল দিয়ে হিমবাহ ভাঙতে বলা তো প্রায় একই কথা।
মুশফিকের ওই অবাক রিভিউও সাংবাদিকদের মধ্যে যাঁরা দেখলেন, তাঁরা দেখলেন বড় পর্দাতেই। প্রেসবক্সের টিভি একবার ছবি দেখিয়েই যে আবারও রূপ নিয়েছে কালো পর্দায়! হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিডিয়া ম্যানেজার বিক্রম মান সিং চা-বিরতির পর স্কোরারের মাইক্রোফোন নিয়ে দুঃখ প্রকাশ করলেন। শহরজুড়ে পানির পাইপ বসাতে খোঁড়াখুঁড়ি করার সময় নাকি ইন্টারনেটের তার কাটা পড়েছে। এ কারণেই প্রেসবক্সে ইন্টারনেট নেই। কিন্তু টেলিভিশনে ছবিও কেন নেই, সেটির ব্যাখ্যা পাওয়া গেল না। মিরপুরে এমন ঘটলে বাংলাদেশের সাংবাদিকেরা নির্ঘাত লঙ্কাকাণ্ড বাধিয়ে দিতেন। এখানে মুখ বুজে সয়ে যাওয়া ছাড়া আর উপায় কী!

প্রেসবক্সে সাংবাদিকদের ভোগান্তি যেন মিলে গেল মাঠে বাংলাদেশের ক্রিকেটারদের অসহায়ত্বের সঙ্গে। চতুর্থ বলেই উইকেট নিয়ে নেওয়ার পর মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারার বড় জুটি। মুরালি বিজয় সেঞ্চুরি পেয়েছেন। চেতেশ্বর পূজারা তা না পেলেও তাঁর অর্জন এর চেয়েও বড়। এক ভারতীয় মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ৫২ বছরের পুরোনো রেকর্ড। ১৯৬৪-৬৫ মৌসুমে যেটি করেছিলেন চান্দু বোর্দে। সন্দেহ হচ্ছে, পূজারা বোধ হয় রেকর্ডটির কথা জানতেন। নইলে রেকর্ড গড়ার পরের বলেই আউট হয়ে যাবেন কেন! ভাগ্যিস, বলটা মুশফিকের প্যাডে লাগার পর তাঁর নাগালের মধ্যেই ছিল!
মুরালি বিজয়-চেতেশ্বর পূজারার জুটিটা ওতে ভাঙল। মুরালি বিজয়ও এরপর বেশিক্ষণ থাকলেন না। তাইজুলের বলে সুইপ করতে গিয়ে পায়ের পেছন দিয়ে বোল্ড। কিন্তু সেই আনন্দ মিলিয়ে যেতে একদমই সময় লাগল না। কোহলি আর রাহানে মিলে যে আরেকটি সেঞ্চুরি জুটি সাজিয়ে ফেললেন। প্রথম ওভারেই উইকেট হারানোর পর বিজয়-পূজারার জুটিটা ভিত্তি গড়ে দেওয়ার কাজটা করেছিল। কোহলি-রাহানে জুটি সেই ভিত্তির ওপর বহুতল ভবন গড়ার কাজে অনেক দূরই এগিয়ে দিল ভারতকে। প্রথম জুটিটিতে রান এসেছিল ওভারে ৩.৫৪ করে। কোহলি আর রাহানের ১২২ রানের জুটিতে রানরেট ৪.৬৩। দুজন মিলে শেষ সেশনটাকে রীতিমতো রান-উৎসব বানিয়ে ফেললেন। দিনের শেষ ১০ ওভারে তো রীতিমতো টি-টোয়েন্টির আমেজ!
অধিনায়কের বাড়তি দায়িত্ব তাঁর ব্যাটে যে কোনো চাপ হয়ে দেখা দেয়নি, সেটি এরই মধ্যে প্রমাণ করা সারা বিরাট কোহলির। তবে চাপের কথা যদি বলেন, এই ম্যাচে সবচেয়ে বেশি চাপে ছিলেন বোধ হয় অজিঙ্কা রাহানেই। তাঁর কারণেই আগের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটসম্যানকেও বাদ দিতে হয়েছে। ক্রিকেট ইতিহাস এমন কিছু এর আগে দেখেনি। ইংল্যান্ডের অ্যান্ডি স্যান্ডহাম টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি করার পর পরের টেস্টে খেলেননি। তবে সেটির কারণ ছিল ভিন্ন। চোট ছিল, বয়সও হয়ে গিয়েছিল অনেক। কিন্তু করুণ নায়ারের ঘটনা তো তা নয়। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বশেষ টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করেছেন। এই টেস্টের স্কোয়াডেও আছেন। তবে টেস্টের আগের দিনই বিরাট কোহলি বলে দিয়েছেন, একটি ইনিংস কখনোই দুই বছরের সাধনাকে মিথ্যা প্রমাণ করতে পারে না। পাঁচ ব্যাটসম্যান খেললে আঙুলের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্ট মিস করা অজিঙ্কা রাহানেই তাই ফিরে পাবেন দলে তাঁর অনেক কষ্টার্জিত স্থান। শচীন টেন্ডুলকারকে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে রেখে রাহুল দ্রাবিড়ের ইনিংস ঘোষণা যদি ভারতীয় ক্রিকেটের নতুন যুগের সূচনা বলে বিবেচিত হয়, তাহলে বিরাট কোহলির এই সিদ্ধান্তটার আরও বেশি মর্যাদা পাওয়া উচিত। এটি যে নতুন এক দর্শনের পথে যাত্রা শুরুর ঘোষণা!
একই রকম একটা ঘোষণা কিন্তু ম্যাচ শেষে টেলিভিশনে দেওয়া মুরালি বিজয়ের কথা থেকেও পাওয়া গেল। চেতেশ্বর পূজারার সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রানআউট হতে হতে বেঁচে যাওয়ার প্রসঙ্গে ভারতীয় ওপেনার বললেন, ‘আগামী সিরিজে এটা ঠিক হয়ে যাবে।’ মানে কী? এই টেস্টে আরেকবার ব্যাটিং করতে হবে না, এ ব্যাপারে নিশ্চিত তিনি?
দেখা যাক, বাংলাদেশ তাঁকে ভুল প্রমাণ করতে পারে কি না!