ভারতকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া

হ্যাজলউডদের সামনে মেলবোর্ন টেস্টে কেমন করবে ভারত?ফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ভন তো সিরিজ শুরু হওয়ার বহু আগ থেকেই বলে বেড়াচ্ছেন, টেস্টে ভারতকে ধবলধোলাই করবে অস্ট্রেলিয়া। অন্য বিশ্লেষকেরা একটু নরম সুরে বলছিলেন, অধিনায়ক বিরাট কোহলি চলে যাওয়ার পর বিপদে পড়বে ভারত। অ্যাডিলেড টেস্টের প্রথম দুদিনে অবশ্য কথা গিলে ফেলার দশা হয়েছিল সবার। দ্বিতীয় দিন শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ৬২ রানে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬ রানে অলআউট হওয়ার পর আর কোনো রাখঢাকে যাচ্ছেন না অনেকেই। সরাসরিই বলে বসছেন, এবার আর ভারতের রক্ষা নেই।

সিরিজের প্রথম টেস্টের পরই ছুটিতে চলে গেছেন কোহলি। প্রথম সন্তানের জন্মের মুহূর্তে স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে চান। আর এ কারণেই অধিনায়ককে সিরিজের বাকি সময়ে পাবে না ভারত। কোহলিবিহীন ভারতের ওপর কোনো আস্থা পাচ্ছেন না শেন ওয়ার্ন। কিংবদন্তি লেগ স্পিনারের ধারণা, আগামী ২৬ তারিখ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সফরকারীদের উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া।

কোহলির বিদায়ের পর দলকে নেতৃত্ব দেবেন রাহানে।
ফাইল ছবি: এএফপি

বড়দিনের পরদিনের টেস্ট নিয়ে বরাবরই আগ্রহ থাকে। বক্সিং ডে টেস্ট মানেই সম্প্রচারকারীদের জন্য আয়ের সুবর্ণ সুযোগ। করোনাকালেও পরশু তিনটি বক্সিং ডে টেস্ট শুরু হবে। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ ভারত ও অস্ট্রেলিয়ার লড়াই নিয়েই। কিন্তু কোহলির অনুপস্থিতি লড়াইটাকে এমনিতেই একপেশে বানানোর ঝুঁকিতে ফেলে দিয়েছে। তবু চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানেদের ওপর ভরসা করে মাঠে যাবেন অনেক দর্শক। কিন্তু তাঁদের আশার বেলুন ফোলাতে মানা করে দিয়েছেন ওয়ার্ন।

ফক্স স্পোর্টসের সঙ্গে কথোপকথনে ওয়ার্ন বলেছেন, ৩৬-এ গুটিয়ে যাওয়ার মানসিক ধাক্কাটাই মেলবোর্নে ভারতকে পিছিয়ে দিচ্ছে, ‘আমার ধারণা, অস্ট্রেলিয়া সম্ভবত ওদের একদম উড়িয়ে দেবে। তবে ওদের কিছু জাতের খেলোয়াড় আছে কে এল রাহুলের মতো। তরুণ গিল (শুবমান) আসবে। রাহানে অনেক উঁচুমানের খেলোয়াড়। আমরা সবাই জানি, পূজারা কী করতে পারে।’ কোহলির বিদায়ই আলোচনার কেন্দ্রে থাকায় পেসার মোহাম্মদ শামির চোট নিয়ে বিদায় নেওয়াটা খুব বেশি চোখে পড়ছে না।

শাস্ত্রী-রাহানেকে কি পারবেন ভারতকে জয়ের মুখ দেখাতে।
ছবি: এএফপি

ওয়ার্নের ধারণা, শামির না থাকাটাও ভোগাবে সফরকারীদের, ‘মোহাম্মদ শামির না থাকাও বড় ক্ষতি। সে ভালো বোলার। মেলবোর্নে যে কন্ডিশন, ড্রপ-ইন (বাইরে থেকে আনা) উইকেটে কোন ধরনের বোলার ভালো করে, সেটাও দেখুন। শামি সিমে বল ফেলে ওপরে তোলে, ভালো লাইন লেংথে ফেলে।’

ভারতের পেস আক্রমণ শক্তি খুইয়েছে, ওদিকে স্বাগতিক পেসাররা নিজেদের ফিরে পেয়েছেন অ্যাডিলেডে। ভারতের ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে দেওয়ার পেছনে তাঁরাই তো মূল ভূমিকা রেখেছেন। ওয়ার্নের ধারণা, কোহলিদের সমালোচনা করতে গিয়ে কামিন্স-হ্যাজলউডদের প্রশংসা করতে ভুলে যাচ্ছেন সবাই, ‘হ্যাঁ, আপনি ভারতীয়দের সমালোচনা করতেই পারেন, কিন্তু আমার মতে অস্ট্রেলীয়রা যেভাবে বল করেছে, সেটার প্রশংসা করাটাই ভালো। বোলিং আক্রমণ অসাধারণ ছিল। চার বোলার আর তাদের সঙ্গে গ্রিন (ক্যামেরন), বেশ অনেক দিন ধরেই ভালো বোলিং করছে। ওরা এখন দুর্দান্ত বোলারে পরিণত হয়েছে। অ্যাডিলেডে ওদের সেরা রূপ দেখতে পারাটা দারুণ ছিল।’