ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় আউট হয়ে ফেরার পর। ছবি: রয়টার্স
বিজয় আউট হয়ে ফেরার পর। ছবি: রয়টার্স

ইংলিশ পেসারদের হাত থেকে বল তো নয়, যেন বেরিয়ে আসছে ফণা তোলা একেকটি সাপ। সেই সাপ ছোবল মারছে এদিক-ওদিক। সুইং আর রিভার্স সুইংয়ের বিষে ভরা ছোবল। নীলকণ্ঠ পানে টিকে থাকতে পারবে তো মহেন্দ্র সিং ধোনির দল?

এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় ইনিংসে ভারত হারিয়ে ফেলেছে দুই উইকেট। রান তুলেছে ৩৩। মাথার ওপরে এখনো ৪১২ রানের বোঝা। ক্রিকেট ইতিহাসের অমনোযোগী ছাত্রটিও জানে, চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটা ৪১৮ রানের। সেখানে ভারতকে করতে হবে ৪৪৫। মানে গড়তে হবে বিশ্বরেকর্ড। সুযোগ পেয়েও ভারতকে ফলোঅন না করানোর সিদ্ধান্তটা ইংল্যান্ডের পক্ষেই যাচ্ছে বলে মনে হচ্ছে।

৪ উইকেটে ২০৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিলেন অ্যালিস্টার কুক। এর আগে প্রথম ইনিংসে ভারতকে ৩৩০ রানে অলআউট করে ২৩৯ রানে বড় লিড নিয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৯৫ রান করে ফর্মে ফেরা অধিনায়ক কুক দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ছিলেন ৭০ রানে। ২৮ ইনিংস ধরে সেঞ্চুরি-বিহীন কুক দ্বিতীয় ইনিংসে নিজের সেই খরা কাটানোর চেয়ে দলের কথাই বেশি করে ভাবলেন। কুক ছাড়াও জো রুটের ওয়ানডে-সুলভ ৪১ বলে খেলা ৫৬ রানের ইনিংসটাও দ্রুত রান তুলতে সাহায্য করেছে ইংল্যান্ডকে।

জবাবে সাবধানী শুরুই করেছিল ভারত। কিন্তু ২৬ রানের মাথায় প্রথম উইকেটের পতন, সেটিও রান আউটের খাঁড়ায়। মুরালি বিজয় সাজ ঘরে ফিরে প্যাড-গার্ড সব খুলেছেন কি খোলেননি, সেই সময় মাত্র ২ রান করে ফিরেছেন চেতেশ্বর পূজারাও। পূজারার উইকেটটি মঈন আলীর। চতুর্থ দিনের খেলা এখনো ২৬ ওভার বাকি। সিরিজে সমতা কি ফিরিয়ে আনছে কুকের দল?