ভারতকে কাঁদাল 'মুম্বাইয়ের ছেলে'

মুম্বাই জেগে থাকে, মুম্বাই ঘুমায় না। আর সব মেট্রো শহরের মতো রাত হলেই জেগে ওঠে আরেক মুম্বাই। কিন্তু কাল রাত তিনটায় মুম্বাই যেন এক নিস্তব্ধ নগর। মুম্বাই যেন এক শোকপুরী। মুম্বাইয়ের হৃদয় ভেঙে খান খান করেছেন মুম্বাইয়েরই এক ছেলে—লেন্ডল সিমন্স!
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুত উত্থানের পর ২০১৪ সালে সিমন্সকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাই দ্রুতই আপন করে নেয় ‘ওয়েস্ট ইন্ডিজ’ থেকে উড়ে আসা এই ব্যাটসম্যানটিকে। মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন। যে জনপ্রিয়তা তাঁকে এনে দিয়েছে গত আইপিএলে পার্থিব প্যাটেলের সঙ্গে তাঁর অবিশ্বাস্য সব জুটি।
সেই সিমন্স কাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে, মুম্বাইয়ের পুরো শহরে; সত্যি বলতে কি, পুরো ভারতেরই অভিশাপ কুড়োলেন। যদিও শাপ নয়, কালকের রাত ছিল তাঁর জন্য বরময় রাত। তিন-তিনবার আউট হয়েও বেঁচে গেছেন, কাকতালীয় বললেও বোধ হয় কম বলা হয়। অথচ সিমন্স এর আগে এই বিশ্বকাপে খেলেননি। কালকের ম্যাচটিই ছিল তাঁর জন্য টুর্নামেন্টে প্রথম ম্যাচ। মাত্রই গত মঙ্গলবার এসে পৌঁছেছেন মুম্বাইয়ে।
মুম্বাই ইন্ডিয়ানসের হোম ভেন্যু ওয়াংখেড়ে। ফলে আইপিএলের প্রত্যেক মৌসুমে নিজেদের অর্ধেক ম্যাচ এ মাঠেই খেলে মুম্বাই। সিমন্সের কাছে এই মাঠ, এর উইকেট, বছরের এই সময়টায় এর চরিত্র অচেনা নয়। এটাও ভীষণভাবে সাহায্য করেছে তাঁকে। বিশ্বকাপের দলে না থাকার পরও মুম্বাইয়ে আসার প্রস্তুতি নিয়েই রেখেছিলেন এবারের আইপিএলে খেলবেন বলে। হুট করে দল থেকে ডাক আসায় আগেই চলে যেতে হলো। কিন্তু প্রস্তুতি ছিল বলে মানিয়ে নিতে সমস্যা হয়নি।
সিমন্স বলেছেন, ‘আমি তো এমনিতেই এখানে আসতাম। আমার শুক্রবারে (আজ) মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করার কথা ছিল, আইপিএলের প্রস্তুতি নিতে হবে বলে। আমাকে যখন দল থেকে ডাকা হলো, ভাবলাম আগে কদিন গেলে সেটা আইপিএলেরও প্রস্তুতির জন্য ভালো হবে। আমি এ মাঠটাকে আমার হোম গ্রাউন্ডই মনে করি। এখানকার কন্ডিশনও খুব ভালো জানে, ভালো পড়তে পারি।’
কাল তাঁর একেকটা বাউন্ডারি আছড়ে পড়ছিল আর গোল গোল বড় বড় চোখ নিয়ে তাকাচ্ছিলেন গ্যালারির এক বিশেষ দর্শক। নীতা আম্বানি, মুম্বাই ইন্ডিয়ানসের কর্ণধার। মুম্বাইয়ের ‘ছেলে’ এভাবে মুম্বাইকে কাঁদাবে, কে ভেবেছিল!