ভারতকে কাঁপিয়ে নিজেরাও কাঁপছে দক্ষিণ আফ্রিকা

ভালো শুরুটাকে টেনে নিয়ে যেতে না পারার খেসারত দিল ভারত। দক্ষিণ আফ্রিকার সঙ্গে তৃতীয় টেস্টের প্রথম দিনে অলআউট হয়ে গেছে মাত্র ২১৫ রানে। তবে প্রথম টেস্টের প্রথম দিনের চিত্রনাট্যই যেন অনুসরণ করল সিরিজের তৃতীয় ম্যাচ। নাগপুরে আজ দিনটা অস্বস্তি নিয়ে শেষ করেছে দক্ষিণ আফ্রিকাও। মাত্র ৯ রানে হারিয়েছে ২ উইকেট। এর সঙ্গে আর ২ রান যোগ করে দিনটা শেষ করেছে। দুই স্পিনার জাদেজা-অশ্বিন দুটো উইকেট নিয়ে আগামীকালের স্পিন-পরীক্ষার জন্যও যেন প্রস্তুত থাকার বার্তা দিচ্ছেন প্রোটিয়াদের।
ভারতের দুজন ছাড়া বাকি সবাই দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন। ভালো শুরুটাকে টেনে নিতে পারেনি কেউ। দলের আট ব্যাটসম্যান দুই অঙ্কের দেখা পেয়েছেন, অথচ সর্বোচ্চ রান কিনা ৪০! তা-ও কেবল মুরালি বিজয় চল্লিশের ঘরে যেতে পেরেছেন, বাকিরা তো আটকে গেছেন ১০-২০-৩০ এর মধ্যেই।
ব্যাটিং শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সুযোগটার সদ্ব্যবহার করতে পারলেন রোহিত শর্মা। অনেক খেটে-খুটে আউট হয়ে গেছেন ২ রান করে। দলকে অন্ধকারে রেখে তিনি যখন ফিরে যাচ্ছেন, স্কোরবোর্ড দেখাচ্ছে ভারত ৬ উইকেটে ১২৫। অথচ ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। দলীয় ফিফটি করেছে কোনো উইকেট না হারিয়েই। দলের ৫০ রানে বিজয় আউট হয়ে যেতেই মড়ক শুরু হয়ে যায়। একদিকে মরকেলের গতি, অন্যদিকে হার্মারের ঘূর্ণিতে ভারত এরপর আরও ৫ উইকেট হারিয়েছে ৭৫ রানের মধ্যেই।
উইকেটের স্রোতে কিছুটা বাঁধ দিয়েছেন রবিন্দ্র জাদেজা ও ঋদ্ধিমান সাহা। দুজনে মিলে সপ্তম উইকেট জুটিতে যোগ করেছেন ৪৮ রান। দলের ব্যাটিংয়ের এই দৈন্যর মধ্যেও একমাত্র ‘সেঞ্চুরি’টি ঋদ্ধিমানের! তবে সেটি বল খেলার। এমনই অবস্থা ছিল ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের, এই এক শ বল খেলতে পেরেও তৃপ্ত হতে পারেন ঋদ্ধিমান।
স্টেইন নেই, মরকেলই তাই দায়িত্বটা তুলে নিয়েছেন ভারতকে ধসিয়ে দেওয়ার। ৩ উইকেট নিয়েছেন এই পেসার। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন হার্মার। পিচে স্পিনের সুবিধা তিনি নিয়েছিলেন প্রথম টেস্টে, আজও ভুল করলেন না। মরকেলের মতো ৩ উইকেট নিয়েছেন তিনিও। তবে ভারতের এই পিচে প্রোটিয়া বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ংকর হবেন বলে যাঁকে ভাবা হচ্ছিল, সেই ইমরান তাহির আজ ছিলেন বেশ নির্বিষ। শুধু এক ওভার বল করা ডুমিনিকে হিসেবের বাইরে রাখলে, দলের বোলারদের মধ্যে সবচেয়ে খরচে ছিলেন তাহিরই।
টসের সময় দুদলের অধিনায়কই বললেন, জিতলে ব্যাটিং-ই নিতেন। শুধু আজকের দিনের অবস্থা বিবেচনায় নিলে টস হেরে বেশ খুশিই হওয়ার কথা হাশিম আমলার। কিন্তু পুরো টেস্টে কী হতে পারে সে বিবেচনা শুরু করলে এখনই গলা শুকিয়ে আসার কথা তাঁর। পিচ-ও যে একই রকম শুকনো। মাত্র প্রথম দিন চলছে, অথচ এখনই পিচ দেখে মনে হচ্ছে যেন দু-তিন দিন খেলা হয়ে গেছে এই পিচে। দ্বিতীয় ওভারেই অশ্বিনকে নিয়ে আসা, দুই ওভার পরেই ইশান্তকে সরিয়ে অন্য দিকে জাদেজাকেও নিয়ে আসা বলে দিচ্ছে, স্পিনের ফাঁদ বানিয়েই যাচ্ছে ভারত। তথ্যসূত্র: ক্রিকইনফো।