ভারতকে খোঁচা
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট সিরিজ হার ২-০ ব্যবধানে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি ভারত। বিশ্ব চ্যাম্পিয়নদের সেই দুঃস্মৃতিটা আবারও মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আগামী বৃহস্পতিবার সিডনিতে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। এবারও জয়ের পাল্লাটা অস্ট্রেলিয়ার দিকেই ঝুঁকে থাকবে বলে দারুণ আশাবাদী অস্ট্রেলীয় এই বিস্ফোরক ব্যাটসম্যান, ‘গ্রীষ্মজুড়েই তারা আমাদের বিপক্ষে কোনো ম্যাচ জেতেনি। নিশ্চয়ই এটা তাদের ভালোই মনে আছে। ওই সময় আমরাই ওয়ানডেতে দাপট দেখিয়েছি। আশা করি, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’ ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে পিচই ম্যাক্সওয়েলদের দিচ্ছে আশা, ‘আশা করি এখানে গতিময় পিচ পাব। এ বছর যথেষ্ট ভালো উইকেট ছিল এখানে এবং আশা করি মাঠে একটু ঘাসও থাকবে।’ সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ইতিহাসও অস্ট্রেলিয়ার পক্ষে। এই মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে ১৪টি ওয়ানডের মাত্র একটিই জিতেছে ভারত—তাও ২০০৮ সালে। এএফপি।