ভারতকে ধন্যবাদ এ টেস্ট উপহার দেওয়ার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

♦ ৫৩ রানে শেষ ৯ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা
♦ জোহানেসবার্গে অপরাজিত থাকল ভারত

ডি ভিলিয়ার্সের আউটের পর কোহলির উদ্‌যাপন। ছবি: এএফপি
ডি ভিলিয়ার্সের আউটের পর কোহলির উদ্‌যাপন। ছবি: এএফপি

অবিশ্বাস্য, অভাবনীয় নাকি দুর্দান্ত? 

এবি ডি ভিলিয়ার্সের ক্যাচটা ধরেছেন অজিঙ্কা রাহানে, আর বোলার ছিলেন জসপ্রীত বুমরা। কিন্তু লাফ দিয়ে আকাশ ছুঁতে চাইলেন বিরাট কোহলি। সে কী লাফ! এই এক লাফেই যেন পুরো ভারত দল জেগে উঠল। আর জেগে ওঠা ভারতের সামনে মিইয়ে গেল দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে নিজেদের অজেয় যাত্রা অক্ষুণ্ন রাখল ভারত। গল্পকথার অংশ হওয়ার দাবি রাখতে পারে এমন এক প্রত্যাবর্তনের গল্প লিখে ৬৩ রানে সিরিজের তৃতীয় টেস্ট জিতে নিল ভারত।
ডি ভিলিয়ার্স যখন আউট হচ্ছেন, তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১৩১। জয় থেকে ১১০ রান দূরে তখন স্বাগতিক দল। একটু আগেও উড়ছিল প্রোটিয়ারা। ১ উইকেট হারিয়েই যে ১২৪ রান করে ফেলেছিল দলটি।
বৃষ্টির কারণেই হোক কিংবা আধা ঘণ্টা পরে খেলা শুরু করার কারণেই হোক, গত তিন দিনের ভয়ংকর উইকেটটিকে আজ আর ‘ভয়ংকর’ মনে হলো না। তাতেই ম্যাচের একমাত্র সেঞ্চুরি জুটিটা হলো। যেভাবে এগোচ্ছিলেন হাশিম আমলা ও ডিন এলগার তাতে তো ম্যাচ জেতাটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল।
আমলাকে (৫২) ফিরিয়ে দিয়ে একটু আশা দেখালেন ইশান্ত শর্মা। সে আশার পালে জোর হাওয়া লাগল ডু প্লেসির বোল্ড হওয়াতে। ডি ভিলিয়ার্স তো আউট হয়েছেন এর মাঝেই। কুইন্টন ডি ককও বুমরার শিকার হয়ে যাওয়ার পর তো পরিষ্কার এগিয়ে গেল ভারত।
এলগার তখনো উইকেটে ছিলেন। কিন্তু এক প্রান্তে একজন দাঁড়িয়ে থাকলে তো আর চলে না। অন্য প্রান্তের সবাই যে মোহাম্মদ শামির বলে ড্রেসিংরুমে ফেরায় ব্যস্ত! ১৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ১৬১/৯-এ পরিণত হলো স্বাগতিক দল।
লুঙ্গি এনগিডিও যখন আউট হলেন তখনো অন্য প্রান্তে ঠাঁই দাঁড়িয়ে এলগার, ‘ক্যারিং দ্য ব্যাট থ্রুর’ আরেকটি উদাহরণ হয়ে। কিন্তু তাতে ভারতের তো কিছু আসে যায় না! স্বাগতিকদের ১৭৭ রানে অলআউট করা তো হয়েই গেছে।
টেস্ট সিরিজ আগেই হেরে গিয়েছিল ভারত। কিন্তু এ ম্যাচে সর্বস্ব দিয়েছে কোহলির দল। কালকের সে ভয়ংকর উইকেটে যখন আম্পায়াররা বারবার জিজ্ঞেস করছিলেন, এখানে খেলা হবে কি না, তখনো ব্যাটিং করে গেছে ভারত। আউট হওয়ার পরও ড্রেসিংরুম থেকে দলকে সাহস দিয়েছেন, ব্যাট করে যাওয়ার নির্দেশ দিয়েছেন কোহলি। ভারতের জন্য সৃষ্ট ‘মৃত্যুকূপে’ পড়ে নিজেরাই ‘নিরাপদ নয়’ এ অজুহাতে মাঠ ছেড়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু হার বাঁচাতে পারেনি। টেস্ট ক্রিকেট যে সাহসীদের খেলা সেটা আবারও বুঝিয়ে দেওয়ার জন্যই ভারতকে ধন্যবাদ।