বর্তমান চ্যাম্পিয়ন, ওয়ানডে র্যাঙ্কিংয়ের ২ নম্বর বলেই শুধু নয়, ভারত এক দিনের ক্রিকেটে বরাবরই সমীহ-জাগানো নাম। ক্রিকেটবোদ্ধারা ফেবারিট বাছতে গিয়ে ভারতকে বাদ দিতে পারছেন না। কিন্তু ভারতের ২০০৭ বিশ্বকাপ অধিনায়ক রাহুল দ্রাবিড় মনে করছেন, মাহেন্দ্র সিং ধোনির ভারতের জন্য এবারের বিশ্বকাপ সহজ হবে না মোটেই, ‘এটি সহজ নয়, বরং একটা চ্যালেঞ্জ।’ সহজ নয়, কন্ডিশনের কারণে।
তবে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে উইকেটের আচরণে কিছুটা বিস্মিত ভারতীয় ব্যাটিংয়ের সাবেক ‘দেয়াল’। উইকেট ধীরগতির আর নিচু বাউন্সের। ব্রিসবেনের দ্রুতগতির উইকেটের চেয়ে অনেকটাই আলাদা ছিল অ্যাডিলেডের উইকেট। এটাই প্রধান অস্ত্র স্পিনকে কাজে লাগিয়ে ভারতকে সাফল্যের পথে নিয়ে যেতে পারে বলে আশা জোগাচ্ছে দ্রাবিড়কে, ‘যদি উইকেট বিশ্বকাপেও একই আচরণ করে, তাহলে ভারত দুই, এমনকি তিন স্পিনারকেও খেলাতে পারবে।’ তিনি বিশ্বাস করেন, কোয়ার্টার ফাইনালে যাওয়ার মতো সঠিক সমন্বয়টা ভারতীয় দলে আছে। তবে সাফল্যের সর্বোচ্চ চূড়াটা ছুঁতে এর পর থেকে ভারতের অপেক্ষায় থাকবে ‘মাত্র তিনটি ভালো দিন।’ স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তানকে এগিয়ে রাখছেন দ্রাবিড়, তবে সম্ভাবনার কথা বলতে গিয়ে বলছেন ৬০-৭০ শতাংশ। ‘জিততেই হবে’ ম্যাচগুলোয় যে দল সবচেয়ে ভালো চাপ সামলাতে পারবে, তাদের দিকেই পাল্লাটা ঝুঁকে যাবে বেশি। পিটিআই।