‘ওদের এই দলটা কখনোই হাল ছেড়ে দেয় না’—কানপুর টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ডের লড়াকু মানসিকতা নিয়ে বলছিলেন বিরাট কোহলি। কানপুর টেস্টের প্রথম দিনেই কোহলির কথার প্রমাণ মিলল।
নিজেদের ইতিহাসের ৫০০তম টেস্ট। নানা আয়োজনে উপলক্ষটা উদ্যাপন করছে ভারতীয়রা। মাঠেও সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। সকালে টস জিতলেন বিরাট কোহলি। ব্যাটিং নেওয়া ভারতের ইনিংসও এগোচ্ছিল বড় সংগ্রহের পথে। কিন্তু দিনের শেষার্ধে এসেই গোলমাল। শেষ দুই সেশনে ৮ উইকেট তুলে নিয়েই ভালোভাবেই ম্যাচে ফিরল নিউজিল্যান্ড। ১ উইকেটে ১৫৪ রান তুলে ফেলা ভারতের স্কোর দিন শেষে ৯ উইকেটে ২৯১।
দ্বিতীয় সেশনে চেতেশ্বর পূজারার বিদায়ের পরেই পথ হারিয়েছে ভারত। পূজারা উইকেটে এসেছিলেন একাদশ ওভারে ওপেনার লোকেশ রাহুলের বিদায়ের পর। এরপর পূজারা-মুরালি বিজয়ের দ্বিতীয় উইকেটে জুটিতে এল ১১২ রান। কিন্তু পূজারা বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের হাতে ফিরতি ক্যাচ দেওয়ার পরই বদলে গেল সব।
ভারত সবচেয়ে বড় ধাক্কাটা খেল ৩ ওভার পর অধিনায়ক কোহলির বিদায়ে। বাঁহাতি পেসার নিল ওয়াগনারের বাউন্সারে পুল করতে গিয়ে স্কয়ার লেগে ইশ সোধির হাতে ক্যাচ দিলেন ভারতীয় অধিনায়ক। ৭ ওভার পর আবার স্কোরকার্ডে সোধির নাম, এবার বোলার হিসেবে। এই লেগ স্পিনারের বলে উইকেটকিপার বিজে ওয়াটলিংকে ক্যাচ দিলেন বিজয়। ১ উইকেটে ১০৫ রান নিয়ে লাঞ্চে যাওয়া ভারত চা-বিরতিতে গেল ৪ উইকেটে ১৮৫ রান নিয়ে।
চা-বিরতির পরপরই আউট অজিঙ্কা রাহানেও। তবে রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মার জুটিতে মনে হচ্ছিল আরও কোনো উইকেট না হারিয়েই বোধ হয় দিনটা শেষ করতে যাচ্ছে ভারত। কিন্তু হলো না। শেষ বিকেলে গ্রিন পার্কের উইকেটে ঝড় তুললেন ট্রেন্ট বোল্ট। দুর্দান্ত এক ইনসুইঙ্গারে ঋদ্ধিমান সাহাকে বোল্ড করার পর বিদায় করলেন অশ্বিন ও মোহাম্মদ শামিকেও। এএফপি, রয়টার্স।