বিশ্বকাপে প্রথমবারের মতো পাকিস্তানের কাছে হেরেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে তারা। ফলে বিভিন্ন গণমাধ্যম, ভক্ত থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও বিরাট কোহলির দল নিয়ে সমালোচনায় মুখর ছিলেন। এ তালিকায় যোগ দিয়েছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।
খেলা শেষে স্টার স্পোর্টসের টিভি চ্যানেলে কথা বলার সময় ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে কোনো রাখঢাক না রেখেই সমালোচনা করেন সাবেক এই ব্যাটসম্যান। এ হার নিয়ে তাঁর সোজাসাপ্টা প্রতিক্রিয়া, ‘এ ম্যাচে পাকিস্তান ভারতকে পিষে ফেলেছে।’
গাভাস্কার খুব একটা ভুল কথা বলেননি। গতকাল ভারতকে তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় হারের লজ্জা দিয়েছে পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই শাহিন আফ্রিদির তোপের মুখে পড়েন ভারতীয় ব্যাটসম্যানরা। খেলার শুরুতেই রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে ফিরিয়ে দেন বাঁহাতি এই পেসার। পরে সূর্যকুমার যাদব হাসান আলীর বলে পেছনে ক্যাচ দিলে স্থবির হয়ে যায় ভারতের রানের চাকা। বিরাট কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ৭ উইকেটে ১৫১ রানে থামে তাঁদের ইনিংস।
১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বুমরা-শামি-ভুবনেশ্বরকে নিয়ে গড়া ভারতের বোলিং লাইনআপকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এবং উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। তাঁদের দুজনের ব্যাটিং দেখে মনে হয়েছে যেন পাড়ার কোনো দলের বোলারদের বিপক্ষে ব্যাটিং করছেন। শেষ দিকে যখন পাকিস্তানের দরকার ছিল ২১ বলে মাত্র ১৭ রান।
বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরারা মিলে মাঠের মধ্যে রীতিমতো আলোচনা শুরু করেন, কীভাবে পাকিস্তানের উইকেট নেওয়া যায়। কিন্তু বিধিবাম, শামির করা পরের ওভারে উল্টো এক ছয় এবং দুই চার মেরে খেলা শেষ করে দেন মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তানের কাছে এভাবে পরাজয়ের পরও ভারতের জন্য এ টুর্নামেন্ট শেষ হয়নি বলে মনে করেন গাভাস্কার। তাঁর মতে ভারতের উচিত দলকে এখন ভালোভাবে গুছিয়ে নেওয়া এবং সামনের ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করা, ‘আশা করি, ভারত খুব দ্রুতই এ হারের ক্ষত কাটিয়ে উঠবে। কারণ, এখন এ হার ভুলে যাওয়া খুবই জরুরি। এ ম্যাচের কথা এখন ভুলে গিয়ে সামনে যে ম্যাচগুলো আছে, সেগুলোর দিকে মনোযোগ দিতে হবে।’