ভারতকে ফলোঅন করাল না ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে ৫ উইকেট অ্যান্ডারসনের। ছবি: এএফপি
জন্মদিনে ৫ উইকেট অ্যান্ডারসনের। ছবি: এএফপি

সাউদাম্পটনের ব্যাটিং সহায়ক পিচে কীভাবে বল করতে হয়, ভারতীয় বোলারদের যেন সেটারই নমুনা দেখালেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। এই দুই ইংলিশ পেসারের দুর্দান্ত বোলিংয়ে ফলোঅনে পড়েছিল ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৬৯ রানের জবাবে ভারত অলআউট হয়েছে ৩৩০ রানে।

চতুর্থ দিনের শুরুতেই ২৩৯ রানের লিড পেয়েও ভারতকে ফলোঅন করালেন না অ্যালিস্টার কুক। বোলররা ১০৬ ওভার বোলিং করেছে, বিশেষ করে দুই মূল বোলার অ্যান্ডারসন ও ব্রড করেছেন ৫১ ওভার। হয়তো বোলারদের বাড়তি বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত।

আগের দিনের সঙ্গে ৭ রান যোগ করেই আজ অলআউট হয়েছে ভারত। নিজের টানা দুই ওভারে (দিনের তৃতীয় ও পঞ্চম) মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ সামিকে ফিরিয়ে নিজের জন্মদিনে ৫ উইকেট পূর্ণ করেছেন অ্যান্ডারসন। ৩ উইকেট ব্রডের। বাকি দুটো ‘সেভ গাজা’ ব্যান্ড পরে আলোচিত হওয়া মঈন আলীর।

দ্বিতীয় দিনের শেষ পর্যায়ে ব্যাট করতে নেমেই ওপেনার শিখর ধাওয়ানের উইকেট হারিয়েছিল ভারত। গতকাল তৃতীয় দিনেও বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। পঞ্চম উইকেটে দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের জুটিটি গড়েছিলেন রোহিত শর্মা (২৮) ও অজিঙ্কা রাহানে (৫৪)। দুজনকেই সাজঘরমুখী করেছিলেন মঈন।

মুরলি বিজয় (৩৫), বিরাট কোহলি (৩৯) ও রবীন্দ্র জাদেজা (৩১)—তিনজনই উইকেটে থিতু হলেও ইনিংসটাকে বড় করতে পারেননি।