ভারতকে ফেবারিট বলেও একটা 'কিন্তু' রাখলেন ইমরুল

ভারত সিরিজ সামনে রেখে প্রশ্নটা ঘুরে-ফিরেই আসছে—এ সিরিজে ফেবারিট কারা? কদিন আগে সাকিব আল হাসানের মত ছিল ভারতের দিকে। গতকাল সৌম্য সরকারের দিলেন সম্পূর্ণ বিপরীত অভিমত। নিজেদেরই ফেবারিট মানছেন সৌম্য। তবে ইমরুল কায়েস অনুসরণ করলেন সাকিবকেই। বাস্তবের জমিনে পা রেখে ভারতকে ফেবারিট মানছেন এ বাঁহাতি ওপেনার।
বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক সিরিজ গেছে বাংলাদেশ দলের। তবে শক্তিশালী ব্যাটিং লাইনআপের কারণেই হয়তো ভারতকে এগিয়ে রাখছেন ইমরুল, ‘ফেবারিট আসলে তারা।’ কিন্তু তার মানে লড়াইয়ের আগেই হার মানছেন না বিশ্বকাপের পর ফর্মে ফেরা এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে না খেললেও টেস্টে দারুণ করেছিলেন। টেস্টে মাঠে খেলে আর ওয়ানডেতে দর্শক হয়ে গত সিরিজটা দেখার পর ইমরুলের অভিমত, ‘আমরা ওয়ানডে ক্রিকেট ভালো খেলেছি। সব বিভাগেই ভালো করতে পারছি। মনে হয়, আমরা যদি ভারতের সঙ্গেও প্রতিটি বিভাগে এভাবে কাজ করতে পারি, তাহলে ওয়ানডে ও টেস্টে ভালো করতে পারব। ফেবারিট প্রসঙ্গে বললে, আসলে ভারত অনেক শক্তিশালী দল। ব্যাটিং বা অন্য সবদিক দিয়েই তারা ভালো। এখন আমাদের প্রধান কাজ, ভালো ক্রিকেট খেলা।’
আর এই ‘ভালো ক্রিকেট’ মানে কী, সেটাও স্পষ্ট করে দিলেন, ‘আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তবে ম্যাচ জিতব। ভালো ক্রিকেট না খেলতে পারলে ম্যাচ আমাদের হাতে থাকবে না। যার যে বিভাগ, সে বিভাগে কাজটা ঠিকমতো করতে হবে।’
ইমরুল মনে করেন ভারতের চেয়ে পাকিস্তানের বোলিং লাইনআপ অনেক শক্তিশালী ছিল। তবে সমীহ করছেন ভারতের বোলিংও, ‘আমার মনে হয় ভারতের চেয়ে অনেক ভালো বোলিং লাইনআপ পাকিস্তান দলে। সে হিসেবে চিন্তা করলে ভারতের ব্যাটিং লাইনআপও অনেক শক্ত। তবে বোলিংয়ে ভারতীয় দলও এখন অনেক ভালো করছে। মনে হয় স্পিন বা পেস নিয়ে আলাদা চিন্তার কিছু নাই। আমরা সবকিছু নিয়েই কাজ করছি।’
ভারতের বিপক্ষে একমাত্র টেস্টটি হবে ফতুল্লায়। সেখানে ব্যাটিং-সহায়ক উইকেটই ইমরুলের প্রত্যাশা, ‘শুধু আমি না, সবাই প্রত্যাশা করে, বাংলাদেশের উইকেট ব্যাটিং-সহায়ক হবে। ব্যাটিং-সহায়ক হলে ওরাও ভালো করবে, আমরাও ভালো ব্যাটিং করব। তাতে টেস্ট ম্যাচ ড্রয়ের সুযোগ বেশি থাকে। একজন ব্যাটসম্যান হিসেবে আমি এটাই বলব।’
পাকিস্তানের বিপক্ষে খুলনায় তামিম ইকবালের সঙ্গে সেই রেকর্ড জুটি গড়ার স্মৃতি এখনো সজীব। ভারতের বিপক্ষেও এমন একটা ইনিংসের প্রত্যাশা থাকবে দর্শক-সমর্থকের। ইমরুল অবশ্য বললেন, ‘প্রত্যাশা থাকবে ভালো ক্রিকেট খেলা। লক্ষ্য আমি কখনোই ঠিক করি না। লক্ষ্য ঠিক করলে নিজের ওপর অনেক চাপ তৈরি হয়। তবে চেষ্টা থাকবে ভালো ক্রিকেট খেলার। উইকেটে মানিয়ে নিতে চেষ্টা করব। বাকিটা অবস্থা অনুযায়ী খেলব।’