ভারতকে বিপদে রেখে ফিরলেন কোহলি-পূজারা
♦ পূজারার ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ বল খেলে রানের খাতা খোলার নজির♦ ভারতের বড় ধাক্কা দ্রুত বিরাট কোহলিকে হারানো

ব্যাটিংয়ে নেমে একজন ব্যাটসম্যানের প্রথম লক্ষ্য থাকবে কী? অবশ্যই যত দ্রুত সম্ভব রান করা। জোহানেসবার্গ টেস্টে চেতেশ্বর পূজারা সেই লক্ষ্য পূরণ করতে খেলেছেন ৫৪ বল! এটা কি রেকর্ড?
টেস্টে এটা কোনো রেকর্ডই নয়। তবে পূজারার ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ বল খেলে রানের খাতা খোলার নজির। এর আগে ২০১৬ সালে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ৩৫টি ‘ডট’ বলের পর প্রথম রানটা করেছিলেন এই ভারতীয় ব্যাটসম্যান। সেটি আজ ছাড়িয়ে গিয়েও দলকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারেননি।
ভারতের আরও বড় ধাক্কা দ্রুত বিরাট কোহলিকে হারানো। ৫৪ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক স্কোরের স্বপ্ন দেখাচ্ছিলেন ভারতীয় অধিনায়ক। কিন্তু দক্ষিণ আফ্রিকা পেসারদের তোপে শুরু থেকেই অস্বচ্ছন্দ ছিলেন। স্লিপে এবি ডি ভিলিয়ার্সের পিচ্ছিল হাতের সৌজন্যে দুবার সুযোগ পেয়েও ইনিংসটা লম্বা করতে পারেননি কোহলি। পরে ডি ভিলিয়ার্সের হাতেই ধরা পড়েছেন তিনি।
প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৬ উইকেটে ১৪৪। আউট হওয়া বাকি চারজন দুই অঙ্কেই পৌঁছাতেই পারেননি। এখন ভারতের ২০০ হওয়া নিয়েই রয়েছে সংশয়!