ভারতকে বিশ্বাস করা যায় না, মন্তব্য মিয়াঁদাদের

ভারত-পাকিস্তান সিরিজ মাঠে গড়াক বা না-ই গড়াক। এই সিরিজ নিয়ে বিভিন্ন ধরনের উক্তি-মন্তব্যের যেন শেষ নেই। পাকিস্তানি ক্রিকেট ‘গ্রেট’ জাভেদ মিয়াঁদাদ সর্বশেষ যা বললেন, তা ভারতীয়দের আঘাত করবে, তাতে কোনো সন্দেহ নেই।
এমনিতেই বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্যের জন্য এক ধরনের নেতিবাচক ‘খ্যাতি’ অর্জন করেছেন মিয়াঁদাদ। কিন্তু তাঁর সর্বশেষ মন্তব্যটিতে ক্ষুব্ধ ভারতের বিভিন্ন গণমাধ্যম ‘সীমা ছাড়িয়ে যাওয়া’ ধৃষ্টতা হিসেবেই অভিহিত করেছে।
ডিসেম্বরে প্রস্তাবিত পাক-ভারত সিরিজের ভেন্যু ঠিক হয়ে গেলেও এই সিরিজের ভবিষ্যৎ ঝুলে আছে ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ওপরই। কিন্তু ভারতের সর্বোচ্চ মহলের নেতিবাচক মনোভাব সিরিজটিকে আবারও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।
মিয়াঁদাদ খেপেছেন ঠিক এই ব্যাপারটিতেই। বলেছেন, ‘ওয়াদা রক্ষার ক্ষেত্রে ভারতকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে সব সময়ই সমস্যা তৈরি করেছে ভারত।’
পাকিস্তানের জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডনের সঙ্গে এক আলাপচারিতায় মিয়াঁদাদের আরও বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড সব কাজই নিজেদের মর্জিমতো করতে অভ্যস্ত। অন্যদের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। আর পাকিস্তানের মাটিতে নামানোর প্রচেষ্টা তো তাদের সব সময়ই থাকে।’
মিয়াঁদাদের মতে, এই সিরিজটা খেলা একটি চুক্তির অংশ হলেও ভারতে সেই চুক্তিকে অবজ্ঞা করেছে। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্পর্কে বলেন, পিসিবি এতকিছুর পরেও পুরো বিষয়টি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টাই করেছে।
গত সেপ্টেম্বরেই মিয়াঁদাদ এই সিরিজের ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের পেছনে না ছোটার আহ্বান জানিয়েছিলেন পিসিবিকে। তিনি বলেছিলেন, ভারত পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ খেলতে চায় না, কেবল হেরে যাওয়ার ভয়েই।’ সূত্র: দ্য ডন, জি নিউজ।